পরিস্থিতি সামাল দিতে যুক্তরাজ্যের লন্ডন ও জার্মানির বার্লিনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে। এতে বলা হয়েছে, ডিআইপির কেন্দ্রীয় সিস্টেমে কারিগরি ত্রুটির কারণে মেশিন রিডেবল ভিসা (এমআরভি) এবং নো ভিসা রিকয়ার্ড (এনভিআর) সেবা দিতে অনাকাঙ্ক্ষিত বিলম্ব হচ্ছে। কেন্দ্রীয় সিস্টেম স্বাভাবিক না হওয়া পর্যন্ত আবেদনকারীদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে মিশনগুলো।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, দীর্ঘদিন পোর্টালটির যথাযথ আধুনিকায়ন না হওয়া এবং আবেদনের চাপ বাড়ার কারণে সার্ভারে জটিলতা তৈরি হয়ে থাকতে পারে।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মো. আলীমুল আমীন জানিয়েছেন, কারিগরি দল সার্বক্ষণিকভাবে সমস্যা সমাধানে কাজ করছে। সিস্টেম বিকল থাকায় নতুন আবেদন নেওয়া সম্ভব না হলেও আগে যারা আবেদন করেছেন, তারা নির্ধারিত সময়েই ভিসা পাবেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশসহ যেসব দেশের নাগরিকদের বাংলাদেশে প্রবেশের আগে ভিসা নেওয়া বাধ্যতামূলক নয়, তারা আপাতত বিমানবন্দরে ‘অন অ্যারাইভাল’ ভিসা সুবিধা নিতে পারবেন।
তবে দীর্ঘস্থায়ী এই কারিগরি সমস্যায় বাংলাদেশের ভিসা কার্যক্রম নিয়ে যেন নেতিবাচক প্রভাব না পড়ে, সে জন্য দ্রুত সার্ভার সচল করার ওপর গুরুত্ব দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।