আবেদন শুরু হবে কবে?
২০২৭ সালের জন্য আবেদন প্রক্রিয়ার প্রাথমিক ধাপ, অর্থাৎ ‘প্রিকম্পাইলেশন’, শুরু হবে ২৩ অক্টোবর ২০২৬ সকাল ৯টায়। আবেদনপত্র প্রস্তুতের সুযোগ থাকবে ৭ ডিসেম্বর ২০২৬ রাত ৮টা পর্যন্ত।
এ জন্য ব্যবহার করতে হবে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের Portale Servizi ALI অনলাইন প্ল্যাটফর্ম।
তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিদেশি কর্মী সাধারণত নিজে এই কোটার আবেদন করতে পারেন না। ইতালিতে অবস্থানরত নিয়োগকর্তা অথবা অনুমোদিত প্রতিনিধি সংশ্লিষ্ট কর্মীর হয়ে কাজের অনুমোদন বা nulla osta-র জন্য আবেদন করেন।
আবেদন অনুমোদিত হলে কর্মী নিজ দেশে ইতালির দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে প্রয়োজনীয় কাজের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবেন।
কোন খাতে কখন ‘ক্লিক ডে’?
২০২৭ সালের জন্য খাত অনুযায়ী আলাদা দিনে অনলাইন আবেদন জমা নেওয়া হবে। নির্ধারিত সময়গুলো হলো—
কৃষি খাতের মৌসুমি কাজ: ১২ জানুয়ারি ২০২৭
পর্যটন খাতের মৌসুমি কাজ: ৯ ফেব্রুয়ারি ২০২৭
অ-মৌসুমি কাজ: ১৬ ফেব্রুয়ারি ২০২৭
পরিবারভিত্তিক পরিচর্যা/কেয়ারগিভিং: ১৮ ফেব্রুয়ারি ২০২৭
প্রতিটি দিনের আবেদন স্থানীয় সময় সকাল ৯টা থেকে শুরু হবে। নির্ধারিত কোটায় আসন খালি থাকলে আবেদন করার সুযোগ ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত থাকবে।
তিন বছরে প্রায় ৫ লাখ কর্মী
ইতালির ২০২৬–২০২৮ সালের পরিকল্পনায় মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে—
২০২৬ সালে: ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন
২০২৭ সালে: ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন
২০২৮ সালে: ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জন
দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ
ইতালিতে কাজের সুযোগের খবরকে কেন্দ্র করে প্রতারণার আশঙ্কাও থাকে। তাই কোনো ব্যক্তি বা দালালকে টাকা দেওয়ার আগে নিয়োগকর্তার পরিচয়, চাকরির প্রস্তাব, প্রয়োজনীয় কাগজপত্র এবং nulla osta-র সত্যতা যাচাই করা জরুরি।
সবচেয়ে নিরাপদ পদ্ধতি হলো বৈধ নিয়োগকর্তা ও ইতালির সরকারি প্রক্রিয়ার মাধ্যমে পুরো আবেদন সম্পন্ন করা। শুধু ভিসা বা চাকরি নিশ্চিত করার আশ্বাসের ভিত্তিতে কাউকে টাকা দেওয়া উচিত নয়।