এ সম্পর্কিত আরও খবর
জামিনে মুক্ত হলেন বাউল আবুল সরকার
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পিএম
-
ছবি: সংগৃহীত
ধর্ম অবমাননা ও কটূক্তির মামলায় জামিনে মুক্তি পেয়েছেন কারাগারে থাকা বাউলশিল্পী আবুল সরকার। সোমবার (১৩ এপ্রিল) সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
বেলা ১১টা ২০ মিনিটে তিনি কারাগার থেকে বের হন। পরে সাদা রংয়ের একটি হাইচ গাড়িতে করে পরিবারের সদস্যের সঙ্গে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুন গণমাধ্যমকে আবুল সরকারের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে, তা যাচাই শেষে আর কোনো মামলা না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়।’
এর আগে গত ৬ এপ্রিল বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ ৬ মাসের জামিনের আদেশ দেন। একই সঙ্গে আবুল সরকারকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট।
গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলায় পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকার ধর্ম অবমাননা করে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।
তার মন্তব্যের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। পরে গতবছর ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল।
পরে ঘিওর উপজেলার মুফতি মো. আবদুল্লাহ নামের এক ব্যক্তি বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় একটি মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন