এ সম্পর্কিত আরও খবর
এমপি সেলিমকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৮ পিএম
-
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে এআই দিয়ে একটি ভুয়া ছবি তৈরি করে সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের নামে অপপ্রচার চালানোর প্রতবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে এ আয়োজন করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এআই দিয়ে তৈরি করা ছবিতে দেখা যায় একটি বিছানায় লক্ষ্মীপুর-১ আসনের এমপি শাহাদাত সেলিমসহ ৩ জন বসে ছিলেন। এর মাঝখানে একটি ট্রেতে দুই বোতল মদ সাজানো রয়েছে। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এতে রামগঞ্জসহ দেশব্যাপী বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। তবে প্রকৃত ছবিতে এমপি সেলিমসহ তিনজন বসা থাকলেও মদের বোতল ছিল না। ইতিমধ্যে রিউমার স্ক্যানারেও বিষয়টি প্রমাণিত হয়েছে।
মিছির পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন রামগঞ্জ পৌর বিএনপির সভাপতি কামরুল ইসলাম শেখ, সংসদ সদস্যের স্থানীয় প্রতিনিধি মনোয়ার হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাসার সেতু, সাবেক সদস্য সচিব আলমগীর হোসেন মিয়া ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব বাবলু প্রমুখ।
বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে একজন জনপ্রতিনিধির ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে। ঘটনাটি পরিকল্পিত অপপ্রচার। মতপ্রকাশের স্বাধীনতার নামে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকান্ড রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। তাই এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
প্রসঙ্গত, এআই দিয়ে তৈরি করা মদের বোতল সংযুক্ত একটি ছবি আরফান খান মাহিম নামে এক প্রবাসী যুবক ফেসবুকে প্রথমে পোস্ট করে। তার বাড়ি রামগঞ্জ পৌরসভার কলছমা এলাকায়। সে এলাকায় থাকে না, শ্বশুর বাড়ি বরিশালে থাকে বলে জানা গেছে। একই ছবি উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের শৈরশই গ্রামের সৌদি আরব প্রবাসী জসিম উদ্দিন তার ফেসবুকে প্রচার করে। পরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের স্বজনদের শাঁশিয়ে আসে। এ ঘটনায় পরে ভিডিও বার্তায় জসিম ছবি ছাড়ার ঘটনায় ক্ষমা চেয়েছে। এছাড়া বেশ কয়েকজন ছবিটি ফেসবুকে প্রচার করেছে। তবে কে বা কারা ছবিটি বানিয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় নিয়ে বিএনপি নেতা নজরুল ইসলাম পিন্টু বাদী হয়ে ৭ জুলাই মামলা দায়ের করেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, এআই দিয়ে তৈরি ভুয়া ছবি ছড়িয়ে অপপ্রচারের ঘটনায় থানয় মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার নেই বলে জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন