এ সম্পর্কিত আরও খবর
তিন দশক পর আবার ‘কুলি’ রূপে পর্দায় ফিরছেন ওমর সানী
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২১ জুন ২০২৬, ১০:৪২ এএম
-
ছবি: সংগৃহীত
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ওমর সানী দীর্ঘ বিরতি শেষে আবারও অভিনয়ে ফিরছেন। প্রায় তিন দশক পর তাকে দেখা যাবে সেই ‘কুলি’ চরিত্রের আবহে।
১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুলি’ সিনেমায় কুলির চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন ওমর সানী। সিনেমাটির সাফল্যের পর ক্যারিয়ারে একের পর এক আলোচিত কাজ উপহার দেন তিনি। বর্তমানে নিয়মিত অভিনয়ে না থাকলেও এবার নতুন একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছেন এই অভিনেতা।
জানা গেছে, ‘ব্ল্যাক’ নামের একটি শর্টফিল্মে কুলির চরিত্রে অভিনয় করবেন ওমর সানী। এরই মধ্যে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। গল্পের বাস্তবতা তুলে ধরতেই ব্যস্ত এই স্থানকে শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে।
‘ব্ল্যাক’ পরিচালনা করছেন মহিন খান। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন বাবলু ফকির। নিজের নতুন কাজ প্রসঙ্গে ওমর সানী বলেন, ছোট পরিসরের হলেও গল্পের ব্যাপ্তি অনেক বড়। এখানে তার চরিত্রটি ক্যামিও হলেও এটি বিশেষ একটি কাজ। তার অভিনীত জনপ্রিয় সিনেমা ‘কুলি’র চরিত্রকে ঘিরেই এই গল্প তৈরি করা হয়েছে।
নির্মাতা মহিন খান জানান, ‘ব্ল্যাক’ একটি ভিন্নধর্মী গল্পের কাজ। মাদক ব্যবসা এবং সমাজ থেকে মাদক নির্মূলের বার্তাই থাকবে সিনেমাটির মূল বিষয়। এতে ওমর সানীকে মাদকের বিরুদ্ধে সোচ্চার এক কুলির চরিত্রে দেখা যাবে।
সিনেমাটি অ্যামাজন প্রাইমে মুক্তির পরিকল্পনা রয়েছে। এতে ওমর সানীর পাশাপাশি অভিনয় করছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড অভিনেতা সাইফুল ইসলাম এবং অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন