এ সম্পর্কিত আরও খবর
গুরুতর অসুস্থ ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নির্মাতা অমি
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১০ জুন ২০২৬, ১০:৪৫ এএম
-
ছবি: সংগৃহীত
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের শুটিং চলাকালে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় নির্মাতা কাজল আরিফিন অমি। গলার সমস্যায় আক্রান্ত হয়ে কথা বলতে পারছেন না এই নির্মাতা। জানা গেছে, শুটিং চলাকালীন গলা দিয়ে আওয়াজ বের না হওয়ায় তড়িঘড়ি করে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা তাঁর গলার ভেতরে সিস্টের (একধরনের তরলপূর্ণ থলি বা ফোস্কা) উপস্থিতি শনাক্ত করেছেন।
মঙ্গলবার (৯ জুন) সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাসে নিজের অসুস্থতার খবর জানিয়েছেন অমি নিজেই। নির্মাতা লেখেন, ‘হঠাৎ করে গলায় তীব্র অস্বস্তি অনুভব করছিলাম। আস্তে আস্তে আমার কণ্ঠস্বর যেন মিলিয়ে যেতে থাকে। আমি ঠিকমতো কথা বলতে পারছিলাম না। যেখানে একটি আনন্দের মুহূর্ত থাকার কথা ছিল, সেখানে হঠাৎ করে আমি খুব ভয় পেয়ে যাই। কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না।’
পরিস্থিতি বেগতিক দেখে শুটিং প্যাকআপ করে অমিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁর গলায় একটি সিস্টের উপস্থিতি শনাক্ত করেন। পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফিরতে আগামী ৭ দিন একদম কথা না বলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
অমি আরও লেখেন, ‘আমি বুঝতে পারছি না কী হচ্ছে। পুরো বিষয়টি বেশ ট্রমাটিক মনে হচ্ছে। আমি কাজ পাগল মানুষ। প্রতি মাসে আমরা আপনাদের জন্য ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ৮টি পর্ব রিলিজ করি। আশা করি আমি সেটা চালিয়ে যেতে পারব।’
অসুস্থতা কাটিয়ে চেনা ছন্দে ফিরতে ভক্তদের কাছে দোয়া চেয়েছেন কাজল আরিফিন অমি। সবশেষে তিনি লেখেন, ‘আমার শুধু আপনাদের দোয়া প্রয়োজন। আমি সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছি। দয়া করে আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।’ তাঁর পোস্টের মন্তব্যের ঘরে সহকর্মী ও অনুরাগীরা দ্রুত সুস্থতা কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন