এ সম্পর্কিত আরও খবর
চেন্নাই থেকে বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৭ মে ২০২৬, ১১:৩৬ এএম
-
ছবি: সংগৃহীত
সামাজিক মাধ্যমের পরিচিত কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ ভারতের চেন্নাই থেকে রোববার বিকেলে দেশে আনার কথা রয়েছে। বিনা খরচে মরদেহ পরিবহনের ব্যবস্থা করছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
পরিবারের সূত্রে জানা গেছে, শনিবার (১৬ মে) অন্য একটি এয়ারলাইনের মাধ্যমে মরদেহ আনার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের উদ্যোগে বিনামূল্যে চেন্নাই থেকে মরদেহ দেশে আনার সিদ্ধান্ত হয়।
ফ্লাইটটি রোববার বিকেলে চেন্নাই থেকে রওনা হয়ে ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। মরদেহ দেশে পৌঁছানোর পর প্রথমে রাজধানীর বনানী ডিওএইচএসে পরিবারের বাসায় নেওয়া হবে। এরপর বনানী ডিওএইচএস মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।
কারিনার বাবা, সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ জানিয়েছেন, সোমবার (১৭ মে) মরদেহ মুন্সীগঞ্জের গজারিয়ায় তার নানাবাড়িতে নেওয়া হবে এবং সেখানেই দাফন সম্পন্ন করা হবে।
এর আগে রাজধানীর একটি হাসপাতালে এক সপ্তাহের বেশি সময় চিকিৎসাধীন ছিলেন কারিনা কায়সার। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১১ মে বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। পরবর্তীতে ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়।
চিকিৎসকরা জানিয়েছিলেন, লিভারজনিত জটিলতার কারণে তার অবস্থা সংকটাপন্ন ছিল এবং লিভার প্রতিস্থাপন বা বড় অস্ত্রোপচার সহ্য করার মতো শারীরিক সক্ষমতা ছিল না। পরে শুক্রবার গভীর রাতে সেখানেই তার মৃত্যু হয়।
উল্লেখ্য, ‘এ’ লেভেল শেষ করে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেন কারিনা কায়সার। দেশে ফিরে তিনি কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পান। সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখাতেও সক্রিয় ছিলেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন