এ সম্পর্কিত আরও খবর
শেষ দিনে ঈদের কোন সিনেমা সেন্সর সনদ পেল
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১০:১৯ এএম
-
ছবি: সংগৃহীত
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা পাঁচটি সিনেমা একসঙ্গে সেন্সর সার্টিফিকেশন সনদ পেয়েছে। আনুষ্ঠানিক অনুমতি পাওয়ায় এখন ছবিগুলো প্রেক্ষাগৃহে মুক্তির পথে আর কোনো বাধা নেই। সোমবার (১৬ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মো. মঈনউদ্দীন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বোর্ডে প্রদর্শনের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ছবিগুলোকে সার্টিফিকেশন দেওয়া হয়েছে। ফলে এখন নির্মাতারা চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ঈদে মুক্তির পরিকল্পনা করতে পারবেন। সেন্সর পাওয়ার তালিকায় রয়েছে ‘দম’, ‘প্রিন্স’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’ ও ‘রাক্ষস।’
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আজ ছিল সেন্সর সার্টিফিকেশন সনদ দেওয়ার শেষ দিন। যে কারণে আমরা বেশ কয়েক দিন ধরে টানা জমা পড়া সিনেমাগুলো দেখছি। পরে বোর্ডের সবার চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী পাঁচটি সিনেমা সনদ পেয়েছে। একসঙ্গে ভালো ভালো সিনেমা মুক্তি পাচ্ছে। আমার মনে হয় সিনেমাগুলো দর্শকদের ঈদ উৎসবকে রাঙাবে।’
ঈদকে ঘিরে এই ছবিগুলো নিয়ে ইতিমধ্যে দর্শকদের মধ্যে বেশ আলোচনা তৈরি হয়েছে। অ্যাকশন, ড্রামা, থ্রিলারসহ বিভিন্ন ঘরানার গল্প নিয়ে নির্মিত হয়েছে এসব সিনেমা। সিনেমাগুলো এবারের ঈদে প্রেক্ষাগৃহে দর্শক টানতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সাম্প্রতিক সময়ে দেশের চলচ্চিত্রে নতুন গল্প ও নির্মাণভঙ্গির যে প্রবণতা দেখা যাচ্ছে, এই ছবিগুলোও সেই ধারার অংশ বলেই ধারণা করা হচ্ছে।
সেন্সর পাওয়া সিনেমা ‘প্রিন্স’এর নায়ক শাকিব খান। এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ এ অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূরসহ অনেকে।
এ ছাড়া রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ সিনেমায় রয়েছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত।
রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ এ রয়েছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরী। ‘রাক্ষস’ সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও সুস্মিতা চ্যাটার্জি। চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, উৎসবের আমেজে এই ছবিগুলো দেশের সিনেমা হলে দর্শক টানবে এবং বক্স অফিসেও ইতিবাচক প্রভাব ফেলবে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন