এ সম্পর্কিত আরও খবর
নির্মাতার স্ত্রী হয়ে চমকে দিলেন তামান্না ভাটিয়া
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ এএম
-
ছবি: সংগৃহীত
ভারতের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ভি. শান্তারামের জীবনীভিত্তিক নতুন ছবিতে যুক্ত হলেন ‘বাহুবলী’খ্যাত অভিনেত্রী তামান্না ভাটিয়া। তিনি অভিনয় করছেন শান্তারামের দ্বিতীয় স্ত্রী ও প্রখ্যাত অভিনেত্রী জয়শ্রীর চরিত্রে। নির্মাতারা ইতোমধ্যেই তার প্রথম লুকের পোস্টার প্রকাশ করেছেন, যা দর্শক ও সমালোচকদের বেশ চমক দিয়েছে।
জয়শ্রী ছিলেন ভারতীয় চলচ্চিত্রের উজ্জ্বল মুখগুলোর একজন। ‘ডক্টর কোটনিস কি অমর কাহানি’, ‘শকুন্তলা’, ‘চন্দ্ররাও মোরে’, ‘দহেজ’সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্রে অভিনয় করে তিনি শক্ত অবস্থান তৈরি করেছিলেন। একই সঙ্গে শান্তারামের চলচ্চিত্রযাত্রায় তিনি ছিলেন অনুপ্রেরণার বড় উৎস।
তামান্নার প্রকাশিত লুকে তাকে দেখা গেছে, গোলাপি নউবারি শাড়িতে, পুরনো দিনের ভারতীয় সিনেমার আবহ ফুটে উঠেছে পুরো সাজে। এর আগে শান্তারাম চরিত্রে অভিনয় করা সিদ্ধান্ত চতুর্বেদীর লুক প্রকাশ পেয়ে আলোচনার জন্ম দিয়েছিল। দুই তারকার উপস্থিতিতে ছবিটি নিয়ে আগ্রহ আরও বেড়ে গেছে।
জয়শ্রীর চরিত্রে অভিনয় প্রসঙ্গে তামান্না ভাটিয়া বলেন, ‘আমাদের চলচ্চিত্র ইতিহাসের এত গুরুত্বপূর্ণ এক চরিত্রকে ফুটিয়ে তোলা বড় দায়িত্ব। জয়শ্রী শুধু প্রতিভাবান অভিনেত্রীই ছিলেন না; তার ভঙ্গিমা, সৌন্দর্য ও শৈলী ছিল অনন্য। শান্তারামের বিশাল উত্তরাধিকারের অংশ হতে পেরে সত্যিই বিশেষ অনুভব করছি।’
১৯০১ সালে জন্ম নেওয়া ভি. শান্তারাম প্রায় সাত দশক ধরে ভারতীয় সিনেমায় কাজ করেছেন। ১৯২৯ সালে ‘প্রভাত ফিল্ম কোম্পানি’ এবং ১৯৪২ সালে ‘রাজকমল কলামন্দির’ প্রতিষ্ঠা করেন তিনি। ১৯৩২ সালে তিনি নির্মাণ করেন প্রথম মারাঠি সবাক চলচ্চিত্র ‘অযোধ্যেচা রাজা’। ‘দুনিয়া না মানে’, ‘দো আঁখে বারাহ হাত’, ‘নবরং’-এর মতো ছবির মাধ্যমে সমাজচেতনা, নান্দনিকতা ও কারিগরি উৎকর্ষের অনন্য মিশ্রণ উপহার দেন তিনি।
১৯৮৫ সালে চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ শান্তারামকে দেওয়া হয় ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার।
অভিজিৎ শিরীষ দেশপাণ্ডে পরিচালিত বায়োপিক ‘ভি. শান্তারাম’ প্রযোজনা করছে রাজকমল এন্টারটেইনমেন্ট, ক্যামেরা টেক ফিল্মস ও রোরিং রিভার্স প্রোডাকশনস। ছবির প্রযোজক রাহুল কিরণ শান্তারাম, সুভাষ কালে ও সরিতা অশ্বিন ভার্ডে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন