এ সম্পর্কিত আরও খবর
দ্বিতীয় দিনের শোকানুষ্ঠানে খামেনিকে শেষ শ্রদ্ধা, তেহরানে হাজারো মানুষের ঢল
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ১০:১৯ এএম
-
ছবি: সংগৃহীত
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির মৃত্যুতে দ্বিতীয় দিনের মতো শোক পালন করছে দেশটি। রোববার (৫ জুলাই) রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় হাজারো মানুষ জড়ো হয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের।
রোববার ভোর থেকেই তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় শোকানুষ্ঠান শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ধারাবাহিক উপস্থিতিতে পুরো এলাকা শোকাহত মানুষের ভিড়ে পরিণত হয়। সকালজুড়ে বিভিন্ন প্রদেশ থেকে আসা শোকাহত মানুষ দলে দলে অনুষ্ঠানে যোগ দেন এবং শেষ শ্রদ্ধা জানান।
অনুষ্ঠান নির্বিঘ্নে পরিচালনার জন্য নিরাপত্তা বাহিনী, জরুরি সেবা, চিকিৎসক দল এবং স্বেচ্ছাসেবীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। পাশাপাশি যাতায়াত, চিকিৎসা সহায়তা, খাবার ও বিশ্রামের মতো প্রয়োজনীয় সেবারও ব্যবস্থা করা হয়েছে।
প্রায় ৩৭ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সে নিহত হন। তার দাফন ও শোকানুষ্ঠানকে ঘিরে শিয়া মতাবলম্বীদের কাছে প্রতিশোধের প্রতীক হিসেবে বিবেচিত লাল পতাকা তেহরানের গ্র্যান্ড মোসাল্লাসহ বিভিন্ন স্থানে উত্তোলন করা হয়েছে।
‘আমাদের জেগে উঠতেই হবে’ স্লোগানে মুখর ছিল শোকানুষ্ঠানের পরিবেশ। এছাড়া তেহরানে খামেনির মুষ্টিবদ্ধ হাতের একটি বড় প্রতিকৃতিও প্রদর্শন করা হয়েছে। শনিবার ভোর থেকেই হাজার হাজার মানুষ গ্র্যান্ড মোসাল্লায় জড়ো হয়ে প্রয়াত এই নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, কয়েকটি মেট্রো স্টেশনে উপস্থিত জনতা ‘আমেরিকার ধ্বংস হোক’ এবং ‘ইসরাইলের ধ্বংস হোক’ স্লোগান দিচ্ছেন।
সপ্তাহব্যাপী শোকানুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীজুড়ে জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুষ্ঠানস্থলের আশপাশে সাঁজোয়া যান, ভারী মেশিনগান এবং স্নাইপার মোতায়েন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন