এ সম্পর্কিত আরও খবর
টেক্সাসে ছোট বিমান বিধ্বস্ত, নিহত ৫
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০২ মে ২০২৬, ০৪:৪০ পিএম
-
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিল কান্ট্রি অঞ্চলে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১১টা ৫ মিনিটে উইম্বারলি এলাকায় সেসনা ৪২১সি মডেলের বিমানটি দুর্ঘটনার শিকার হয়।
হেইস কাউন্টির জাজ রুবেম বেসেরা এক বিবৃতিতে বলেন, বিমানে থাকা পাঁচ আরোহীর সবাই নিহত হয়েছেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, বিমানটি দুর্ঘটনার সময় অত্যন্ত দ্রুতগতিতে ছিল।
কর্তৃপক্ষ জানায়, একই সময়ে কাছাকাছি আকাশপথে থাকা আরেকটি বিমান নিরাপদে নিউ ব্রনফেলস বিমানবন্দরে অবতরণ করে। ফলে এটিকে মধ্য আকাশে সংঘর্ষের ঘটনা বলে মনে করা হচ্ছে না।
বিমানটি টেক্সাসের অ্যামারিলোর কাছাকাছি একটি বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল এবং নিউ ব্রনফেলসে অবতরণের কথা ছিল। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই এটি বিধ্বস্ত হয়।
মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতরা অ্যামারিলোভিত্তিক একটি পিকলবল দলের সদস্য, যারা একটি টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছিলেন। যদিও আনুষ্ঠানিকভাবে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
আবহাওয়া সংস্থা অ্যাকুওয়েদার জানিয়েছে, দুর্ঘটনার সময় আবহাওয়া স্বাভাবিক ছিল এবং বৃষ্টি বা তীব্র বাতাস ছিল না। ফলে আবহাওয়াজনিত কারণকে প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে না।
এ ঘটনায় যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন