এ সম্পর্কিত আরও খবর
ইরান দিয়েগো গার্সিয়া-তে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ অস্বীকার করেছে
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১১:৩৩ এএম
-
ছবি: সংগৃহীত
ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া দ্বীপে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরান। তেহরান এ ঘটনাকে ইসরায়েলের ‘ফলস ফ্ল্যাগ অ্যাটাক’ বা সাজানো বলে উড়িয়ে দিয়েছে।
সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, এই অভিযোগগুলো মূলত পরিকল্পিত ‘ভুল তথ্যের’ অংশ। এর আগে ন্যাটো মহাসচিব মার্ক রুতে জানিয়েছিলেন, হামলায় ইরানের আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে ইসরায়েল যে দাবি করেছে, তার সত্যতা নিশ্চিত করতে পারেনি এই সামরিক জোট।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলার মধ্যে গত শুক্রবার দিয়েগো গার্সিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাটি চাউর হয়। দাবি করা হয়ে, ইরান এ হামলা চালিয়েছে। এতে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা নিয়ে নতুন করে আলোচনা ওঠে। কারণ, দ্বীপটি ইরান থেকে চার হাজার কিলোমিটার দূরে।
‘এমনকি ন্যাটোর মহাসচিবও ইসরায়েলের এই অতি সাম্প্রতিক ভুল তথ্যকে সমর্থন করতে অস্বীকার করেছেন। অথচ তিনি জোটের সদস্যদের ওপর যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করার এবং ইরানের ওপর এই অবৈধ যুদ্ধকে সমর্থন করার জন্য চাপ দেওয়ার বিষয়ে কুখ্যাত। তাঁর এ অবস্থানই অনেক বড় বার্তা দেয় যে বিশ্ব এখন এ ধরনের ভিত্তিহীন “ফলস ফ্ল্যাগ” বা সাজানো গল্প শুনতে শুনতে ক্লান্ত।’
রোববার এক সাক্ষাৎকারে মার্ক রুতে ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধকে সমর্থন করেন। এ যুদ্ধকে ‘প্রয়োজনীয়’ উল্লেখ করে তিনি সাধারণ মানুষের সমর্থনও কামনা করেন। রুতে বলেন, ‘আমি জনমত জরিপগুলো দেখেছি। তবু আমি সত্যিই আশা করি, আমেরিকানরা ট্রাম্পের পাশে থাকবেন। কারণ, তিনি পুরো বিশ্বকে নিরাপদ করার লক্ষ্যেই এই কাজ করছেন।’
এর আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নালসহ যুক্তরাষ্ট্রের বেশ কিছু সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। তবে সেগুলো দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে আঘাত হানতে ব্যর্থ হয়।
তখনই আলোচনা উঠছিল, যদি এ হামলার পেছনে ইরানের সংশ্লিষ্টতা নিশ্চিত হয়, এর অর্থ দাঁড়াবে, দেশটির কাছে চার হাজার কিলোমিটার বা এর বেশি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এই পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে অনায়াসেই যুক্তরাজ্যের রাজধানী লন্ডনেও আঘাত হানা সম্ভব।
চলতি মাসের শুরুর দিকে মার্কিন সংবাদমাধ্যম এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছিলেন, ‘আমরা আমাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা ইচ্ছাকৃতভাবে দুই হাজার কিলোমিটারের নিচে সীমাবদ্ধ রেখেছি। কারণ, আমরা চাই না, বিশ্বের কেউ আমাদের হুমকি মনে করুক।’
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি সোমবার জানান, দিয়েগো গার্সিয়ার অভিমুখে দুটি ইরানি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া বক্তব্যে হিলি বলেন, একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুর অনেক আগেই আছড়ে পড়ে এবং অন্যটিকে লক্ষ্যস্থলে পৌঁছানোর আগেই ভূপাতিত করা হয়। তিনি এ হামলার তীব্র নিন্দা জানান এবং ইরানকে ‘উত্তেজনা প্রশমনের’ আহ্বান জানান।
জন হিলি আরও বলেন, ‘কোনো ক্ষেপণাস্ত্রই দিয়েগো গার্সিয়ার কাছাকাছি পৌঁছাতে পারেনি। এ জন্য যুক্তরাজ্যের পক্ষ থেকে বিশেষ কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয়নি এবং সেখানে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।’
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন