এ সম্পর্কিত আরও খবর
সুন্দরবনের ঢেউয়ে শেষ আমেরিকা ফেরত রিয়ানার স্বপ্ন
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৪:১২ এএম
-
ছবি: সংগৃহীত
বাগেরহাটের সুন্দরবন এলাকার মোংলার পশুর নদীতে নৌ দুর্ঘটনায় নিখোঁজ হওয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সাবেক শিক্ষার্থী রিয়ানা আজাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে জয়মনিরঘোলের সরকারি খাদ্যগুদামের জেটি এলাকার পশুর নদী থেকে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ড।
এ বিষয়ে নিশ্চিত করে আইইউবিএটির জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আলামিন সিকদার শিহাব দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, রিয়ানা আজাদ আর আমাদের মাঝে নেই। তার মরদেহ খুঁজে পেয়েছে কোস্টগার্ড। আমরা তার পরিবারের সঙ্গে সার্বিক বিষয়ে যোগাযোগ রাখছি।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে জানান, শনিবার ১৩ জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে জালি বোটে যাত্রা শুরু করেন। বোটটি দুপুরে সুন্দরবনের ঢাংমারি খালসংলগ্ন এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় বোটের সহায়তায় ১৩ জন ট্যুরিস্টকে জীবিত উদ্ধার করা হলেও ১ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তীতে বোটে থাকা এক ব্যক্তি বিষয়টি কোস্টগার্ডকে অবগত করেন।
তিনি বলেন, এ প্রেক্ষিতে কোস্টগার্ডের দুটি উদ্ধারকারী দল অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিখোঁজ পর্যটকের অনুসন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করে। দুই দিনের ধারাবাহিক অনুসন্ধানের পর সোমবার সকাল ৭টার দিকে মোংলার সাইলোর জেটিসংলগ্ন পশুর নদী থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মরদেহ চাঁদপাই নৌপুলিশের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ডের এ কর্মকর্তা আরও বলেন, পর্যটকদের সুরক্ষা ও ঝুঁকিমুক্ত ভ্রমণ নিশ্চিতে বাংলাদেশ কোস্টগার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
এর আগে, শনিবার (৮ নভেম্বর) দুপুরের দিকে মোংলার ঢাংমারী ও পশুর নদীর ত্রি মোহনায় পর্যটকবাহী একটি জালি বোট উল্টে এ দুর্ঘটনা ঘটে। পরিবারসহ সুন্দরবন ভ্রমণে গিয়েছিলেন রিয়ানা আজাদ। দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা তীরে উঠতে পারলেও রিয়ানা নিখোঁজ হয়ে যান।
আইইউবিএটির জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আলামিন সিকদার শিহাব রবিবার রাতে বলেছিলেন, আমরা যতদূর শুনেছি- রিয়ানা তার পরিবারের সঙ্গে সুন্দরবনে ছোট নৌকায় ঘুরছিলেন। এমন সময় ঢেউয়ের স্রোতে তাদের নৌকাটি উল্টে যায়। পরে আশেপাশের লোকজনের সহায়তায় পরিবারের ১২ জনকে উদ্ধার করা গেলেও রিয়ানাকে উদ্ধার করা যায়নি।
তিনি আরও বলেন, রিয়ানা আমাদের বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অর্থাৎ সাবেক শিক্ষার্থী। তিনি ২০২০ সালে অনার্সে ভর্তি হয়ে ২০২৪ সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। তিনি ফলাফলে সিজিপিএ ফোর আউট অব ফোর পাওয়ায় গোল্ড মেডেলিস্ট ছিলেন। তিনি স্বামীর সঙ্গে আমেরিকায় বসবাসরত ছিলেন। সম্প্রতি দেশে এসে সপরিবারে সুন্দরবনে ঘুরতে গিয়েছিলেন।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন