এ সম্পর্কিত আরও খবর
নিজ শহরের ঐতিহাসিক স্থানে হবে রোনালদোর বিয়ে
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৭:১৪ এএম
-
ছবি: সংগৃহীত
দীর্ঘ নয় বছরের সম্পর্ক, পাঁচ সন্তান এবং একসঙ্গে কাটানো অসংখ্য মুহূর্তের পরে অবশেষে বিয়ের পরিকল্পনা চূড়ান্ত করেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। চলতি বছরের আগস্টে জর্জিনাকে হীরকখচিত আংটি দিয়ে বিয়ের প্রস্তাব করেন রোনালদো; এবার জানা গেল কবে ও কোথায় অনুষ্ঠিত হবে তাদের বহুল প্রতীক্ষিত বিয়ে।
পর্তুগিজ গণমাধ্যমের প্রকাশিত তথ্যে জানানো হয়েছে, ২০২৬ সালের গ্রীষ্মে মাদেইরা দ্বীপের ঐতিহাসিক ফাঞ্চাল ক্যাথিড্রালে খ্রিষ্টধর্মীয় রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা। ধারণা করা হচ্ছে, ২০২৬ বিশ্বকাপ শেষে অনুষ্ঠিত হবে এই বিয়ের আয়োজন। বিয়ের পর অভ্যর্থনা হবে মাদেইরার একটি বিলাসবহুল হোটেলে।
জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার সময় রোনালদো যে আংটি উপহার দেন তার মূল্যও আলোচনায় এসেছে। ব্রিটিশ এনগেজমেন্ট রিং বিশেষজ্ঞ লরা টেলরের তথ্য অনুযায়ী, প্রায় ১৫ লাখ পাউন্ড মূল্যের হীরকখচিত সেই আংটি সংগ্রহ করেছেন ফুটবলের প্রথম বিলিয়নিয়ার তারকা।
সম্প্রতি ‘পিয়ার্স মর্গান আনসেন্সরড’-এ দেওয়া সাক্ষাৎকারে রোনালদো জানান, তিনি খুব রোমান্টিক নন। সেই সাক্ষাৎকারেই তিনি তুলে ধরেন বিয়ের প্রস্তাব দেওয়ার স্মরণীয় মুহূর্তটি।
রোনালদো–জর্জিনা যুগল ৯ বছরেরও বেশি সময় ধরে একসঙ্গে আছেন। আগস্টে প্রস্তাবে রাজি হয়ে জর্জিনা বলেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনে, সব জীবনেই।’
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন