এ সম্পর্কিত আরও খবর
বেলজিয়ামের কাছে বিধ্বস্ত হয়ে বিদায় যুক্তরাষ্ট্রের
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১০:১১ এএম
-
ছবি: সংগৃহীত
লাল কার্ডের কারণে নিষিদ্ধ থাকা ফরোয়ার্ড ফোলারিন বালোগানকে দলে ফেরাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপ বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তও স্বাগতিকদের ভাগ্য বদলাতে পারেনি। বিশ্বকাপের শেষ ষোলোতে বেলজিয়ামের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার সিয়াটলের লুমেন ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় বেলজিয়াম। রোমেলু লুকাকু ও কেভিন ডি ব্রুইনার নেতৃত্বে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে সহজ জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে ইউরোপের দলটি।
পুরো টুর্নামেন্টজুড়ে আক্রমণাত্মক ফুটবলের জন্য প্রশংসিত যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ এই ম্যাচে নিজেদের সেরা ছন্দ খুঁজে পায়নি। বরং বেলজিয়ামের নিয়ন্ত্রিত ফুটবলের সামনে অসহায় দেখিয়েছে স্বাগতিকদের। ডিফেন্ডার ও গোলরক্ষকের একের পর এক ভুলের সুযোগ কাজে লাগিয়ে বড় জয়ের ভিত গড়ে তোলে বেলজিয়াম।
বেলজিয়ামের হয়ে জোড়া গোল করেন চার্লস ডি কেটেলার। এছাড়া হান্স ভেনাকেন ও রোমেলু লুকাকু একটি করে গোল করেন। যুক্তরাষ্ট্রের হয়ে একমাত্র গোলটি করেন মালিক তিলমান। তার গোলে কিছু সময়ের জন্য সমতায় ফিরলেও শেষ পর্যন্ত ম্যাচে আর ফিরতে পারেনি মার্কিনরা।
এই জয়ের মাধ্যমে গত ১২ বছরে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্ব থেকে যুক্তরাষ্ট্রকে বিদায় করল বেলজিয়াম। পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও অক্ষুণ্ন রাখল তারা।
কোয়ার্টার ফাইনালে আগামী শুক্রবার ক্যালিফোর্নিয়ার ইংগলউডে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম। সেই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে খেলবে ফ্রান্স অথবা মরক্কোর বিপক্ষে।
অন্যদিকে এই আসরে টানা তিন ম্যাচ জিতে শেষ ষোলোতে উঠলেও ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ করতে পারেনি যুক্তরাষ্ট্র। বেলজিয়ামের বিপক্ষে ১৯৩০ সালের বিশ্বকাপের জয়ের পর এটি তাদের টানা সপ্তম পরাজয়। এছাড়া ইউরোপের দলগুলোর বিপক্ষে সবশেষ ১২ ম্যাচের মধ্যে ১১টিতেই হেরেছে মার্কিনরা। একমাত্র জয়টি এসেছে রাউন্ড অব ৩২-এ বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন