এ সম্পর্কিত আরও খবর
মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ফুটবলের মহা-আসর
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১১ জুন ২০২৬, ১০:৪৭ এএম
-
ছবি: সংগৃহীত
ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে শুরু হচ্ছে বিশ্বকাপের ২৩তম আসর। তিন দেশ মিলে বিশ্বকাপ আয়োজনের ঘটনাও এবারই প্রথম। আগের আসরের তুলনায় এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা বেড়েছে ১৬টি।
কাতার বিশ্বকাপের পর এবার নির্ধারিত সময়ের কিছুটা আগেই মাঠে গড়াচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর। সর্বশেষ বিশ্বকাপ শীতকালে অনুষ্ঠিত হওয়ায় এবার আবারও ফিরেছে জুন মাসের সূচি।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে গ্রুপ ‘এ’-এর ম্যাচে মাঠে নামবে দুই দল। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
এর আগে ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। সেবারের আসরের স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।
এবারের বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন হবে তিন দেশে। মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়াম, কানাডার টরন্টো এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ সময় আজ রাত ১১টা ৩০ মিনিটে মেক্সিকোতে শুরু হবে প্রথম আয়োজন। এরপর কানাডা ও যুক্তরাষ্ট্রে হবে বাকি অনুষ্ঠান।
২০২৬ বিশ্বকাপে ফাইনালসহ মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৬টি ভেন্যুতে হবে পুরো আসর। এর মধ্যে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে সর্বোচ্চ ৭৮টি ম্যাচ, যেখানে থাকবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল। মেক্সিকো ও কানাডায় হবে ১৩টি করে ম্যাচ।
মেক্সিকোর আজতেকা স্টেডিয়াম থেকে শুরু হওয়া এই বিশ্বকাপের শেষ পর্দা নামবে যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন