এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপে স্কটল্যান্ডকে নিল আইসিসি
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৫:৫৪ এএম
-
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আনুষ্ঠানিকভাবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে। বাংলাদেশের পরিবর্তে আসরে খেলবে স্কটল্যান্ড।
কয়েক দিন আগে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছিল। এই সময়ের মধ্যে বিসিবি আইসিসির নীতির সঙ্গে সাংঘর্ষিক দাবিগুলো থেকে সরে না আসায় শনিবার (২৪ জানুয়ারি) চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জগ গুপ্তা শনিবার সকালে বোর্ডকে আনুষ্ঠানিক চিঠি দেন। চিঠিতে বলা হয়েছে, বিসিবির দাবিগুলো আইসিসির নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং বোর্ডের সিদ্ধান্ত মানা হচ্ছে না। এই পরিস্থিতিতে বাংলাদেশের জায়গায় অন্য একটি দেশকে আমন্ত্রণ ছাড়া বিকল্প ছিল না। চিঠির অনুলিপি বিসিবি সভাপতি ও আইসিসি বোর্ড সদস্য আমিনুল ইসলামকেও পাঠানো হয়েছে।
বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত মূলত সময়ের বিষয় ছিল। সহযোগী দেশ স্কটল্যান্ডকে শেষ পর্যন্ত বদলি দল হিসেবে চূড়ান্ত করা হয়। ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদনের সময় পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দুবাই ও এডিনবরার মধ্যে যোগাযোগ হয়েছে।
এই পরিবর্তনের ফলে স্কটল্যান্ড এখন গ্রুপ ‘সি’-তে খেলবে। তারা গ্রুপ পর্বে ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের সঙ্গে খেলবে স্কটল্যান্ড।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন