এ সম্পর্কিত আরও খবর
জুলাই শহীদদের স্মরণসভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১০:৫৭ এএম
-
ছবি: সংগৃহীত
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই স্মরণসভার আয়োজন করা হয়।
‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করেছে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রক্তাক্ত জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এ জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য রাখা হয়েছে, ‘সবার আগে বাংলাদেশ’।
অনুষ্ঠানের মূল মঞ্চের ব্যানারে লেখা ছিল, ‘গর্বিত ইতিহাস, অদম্য চেতনা। ৪ জুলাইয়ের এই দিনে হোক সবার অনুপ্রেরণা, যে আত্মত্যাগ ইতিহাসকে বদলে দিয়েছে।’
জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে আয়োজিত স্মরণসভায় জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
এদিকে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৯ দিনের কর্মসূচির শেষ দিন, আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য ছাত্র সমাবেশেও প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সংগঠনটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। এরপর ধারাবাহিক নানা আয়োজন শেষে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের ছাত্র সমাবেশের মাধ্যমে এর সমাপ্তি ঘটবে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন