এ সম্পর্কিত আরও খবর
বেনজীর আহমেদকে দ্রুত ফেরাতে ব্যবস্থা নিচ্ছে দুবাই: স্বরাষ্ট্রমন্ত্রী
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৪:১২ পিএম
-
ছবি: সংগৃহীত
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সংযুক্ত আরব আমিরাত (দুবাই) থেকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২০ জুন) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
বেনজীর আহমেদকে দুবাই থেকে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১২ জুন ফেডারেল পুলিশের পক্ষ থেকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) ই-মেইলে জানানো হয় যে, বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের জারি করা রেড নোটিশের ভিত্তিতেই তাকে আটক করা হয়।
তিনি বলেন, ওই দিনই বিষয়টি জাতীয় সংসদে জানানো হয়েছিল। পরে দুবাই কর্তৃপক্ষ ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর অনুরোধ জানায়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় নথিপত্র পাঠানো হয়েছে। এর মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা, মামলার বিস্তারিত তথ্যসহ বিভিন্ন কাগজপত্র রয়েছে। এসব নথি আরবি ভাষায় অনুবাদ করে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ কর্মকর্তারা রাত পর্যন্ত কাজ করে ১৪৪ পাতার প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করেন। পরে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক প্রক্রিয়ায় দুবাইয়ে পাঠানো হয়।
সালাহউদ্দিন আহমদ আশা প্রকাশ করেন, সংযুক্ত আরব আমিরাত সরকার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগিরই বেনজীর আহমেদকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন