এ সম্পর্কিত আরও খবর
দেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৫:০৮ পিএম
-
ছবি: সংগৃহীত
বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয় বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউনেপের ‘ফুড ওয়েস্ট ইনডেক্স ২০২৪’ প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জাতীয় সংসদে এ তথ্য তুলে ধরেন।
সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। অধিবেশনে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম লিখিত প্রশ্নে খাদ্য অপচয় রোধে সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চান।
জবাবে খাদ্যমন্ত্রী জানান, ইউনেপের প্রতিবেদনে যে ৩৫ লাখ টন খাদ্য অপচয়ের কথা বলা হয়েছে, তা সামগ্রিক চিত্র। তিনি বলেন, সরকারি খাদ্য ব্যবস্থাপনায় গুদাম ও সাইলোতে সংরক্ষণের সময় কিছু পরিমাণ খাদ্যশস্য নষ্ট হলেও এ খাতে অপচয় তুলনামূলকভাবে কমেছে।
তিনি আরও বলেন, আধুনিক সাইলো ও গুদাম নির্মাণ, পরিবহন ও সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন এবং সংশ্লিষ্টদের সচেতনতা বাড়ানোর মাধ্যমে খাদ্যশস্যের অপচয় কমাতে কাজ চলছে।
সরকারি পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী জানান, ২০২৩-২৪ অর্থবছরে সরকারি ব্যবস্থাপনায় ঘাটতি বা অপচয়ের পরিমাণ ছিল ২১ হাজার ৩২৯ দশমিক ৮৮ মেট্রিক টন, যা মোটের শূন্য দশমিক ৩১৬ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে এটি কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৮৭ দশমিক ৩৪৭ মেট্রিক টনে, যা শূন্য দশমিক ২৮ শতাংশ। অর্থাৎ আগের বছরের তুলনায় অপচয় কমেছে।
খাদ্যমন্ত্রী আরও জানান, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং অপচয় কমাতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জনসচেতনতা বাড়ানোসহ নানা কার্যক্রম পরিচালনা করছে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন