এ সম্পর্কিত আরও খবর
রাতে মেট্রোরেল চলাচলে বাড়তি সময়, আজ থেকেই কার্যকর
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৭ জুন ২০২৬, ১২:১৩ পিএম
-
ছবি: সংগৃহীত
রাজধানীর যাত্রীসেবাকে আরও সহজ করতে মেট্রোরেলে রাতের চলাচলের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন সময়সূচি অনুযায়ী, রোববার (৭ জুন) অর্থাৎ আজ থেকে উভয় প্রান্তে রাতের শেষ ট্রেনের সময় ২০ মিনিট বাড়ানো হয়েছে।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ধিত সময়ে আপাতত উত্তরা ও মতিঝিল দুই দিক থেকেই একটি করে অতিরিক্ত ট্রিপ পরিচালনা করা হবে। এ সিদ্ধান্তের আগে যাত্রী চাহিদা ও পরিচালনাগত সক্ষমতা যাচাই করতে প্রায় এক মাস ধরে বিভিন্ন পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, মতিঝিল স্টেশন থেকে উত্তরার উদ্দেশে দিনের শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে। আগে এই ট্রেনটি ছাড়ত রাত ১০টা ১০ মিনিটে। অন্যদিকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, যা আগে রাত ৯টা ৩০ মিনিটে পরিচালিত হতো।
এর আগে ২০২৫ সালের অক্টোবরে মেট্রোরেলের দৈনিক পরিচালন সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছিল। সে সময় সকালে আধা ঘণ্টা আগে ট্রেন চলাচল শুরু এবং রাতেও অতিরিক্ত আধা ঘণ্টা সেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেলের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ধাপে ধাপে সম্প্রসারণের মাধ্যমে ২০২৩ সালের শেষ দিকে মতিঝিল পর্যন্ত পূর্ণাঙ্গ সেবা চালু করা হয়। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে চার লাখ যাত্রী রাজধানীর যানজট এড়িয়ে দ্রুত ও স্বাচ্ছন্দ্যে যাতায়াতের জন্য মেট্রোরেল ব্যবহার করছেন।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন