এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া বাণিজ্যচুক্তি সংসদে তোলার দাবি রুমিন ফারহানার
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পিএম
-
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া বাণিজ্যচুক্তি সংসদে তোলার দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, ‘এই চুক্তি ৬০ দিনের মধ্যে যদি সরকার চায়, তারা এটিকে বাতিল করতে পারে। চুক্তিটি সংসদে আনা হোক।’
বুধবার (২৯ এপ্রিল) সংসদে পয়েন্ট অব অর্ডারে এ দাবি জানান রুমিন ফারহানা।
তিনি বলেন, ‘গতকাল মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক হয়েছে। সে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত বাণিজ্যচুক্তিটির বিষয়ে বেশ কিছু কথা বলেছেন। তার মধ্যে ওই বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানির ঘাটতি, বাংলাদেশের কৃষি ও জ্বালানিপণ্য আমদানির প্রতিশ্রুতি, দেশে ব্যবসার পরিবেশ উন্নয়ন এবং বিনিয়োগ আকর্ষণে নীতি সংস্কারের বিষয়গুলো তুলে ধরেন।’
রুমিন ফারহানা বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত আরেকটি বিষয়ে আমাদের মনোযোগ আকর্ষণ করে বলেছেন, “দুই দেশের মধ্যে বাংলাদেশ থেকে যে পরিমাণ পণ্য আমরা রপ্তানি করি, আমেরিকা থেকে সে পরিমাণ পণ্য আমরা আমদানি করি না, যে কারণে একটা বাণিজ্যঘাটতি তৈরি হয়েছে বিরাট এবং এই বাণিজ্যঘাটতি পূরণের লক্ষ্যে বাণিজ্যচুক্তি হয়েছে”।’
রুমিন ফারহানা আরও বলেন, সুশীল সমাজ আছেন ‘থিংক ট্যাঙ্ক’ আছেন, তারা বারবার বলেছেন যে, একটি অনির্বাচিত সরকার এই ধরনের চুক্তি স্বাক্ষর করতে পারে না। এই চুক্তিতে অনেকগুলো ক্লজ আছে যেটা বাংলাদেশের স্বার্থবিরোধী। সুতরাং নির্বাচনের পরে যখন একটি নির্বাচিত সরকার আসবে তখন যেন এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। কিন্তু আনফরচুনেটলি আমরা দেখলাম যে, অন্তর্বর্তীকালীন সরকার ৯ ফেব্রুয়ারি এই চুক্তিতে স্বাক্ষর করে।’
এ সময় রুমিন ফারহানাকে থামিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘মাননীয় সদস্য। আমার বক্তব্য শুনুন। এটি কোনো পয়েন্ট অব অর্ডার হলো না। ৩০১ বিধি আপনি পড়লে দেখতে পাবেন যে পয়েন্ট অব অর্ডার সংসদের চলমান বিষয়ের ওপরে হতে হয়, কিংবা সংসদ কাজে শৃঙ্খলা রক্ষার জন্য হতে হয়। আপনি একটি নতুন প্রশ্ন উত্থাপন করেছেন। আপনি নোটিশ দেন এটি বিবেচনা করে দেখা হবে। ধন্যবাদ।’
স্পিকারের বক্তব্যের পর রুমিন ফারহানা আরও এক মিনিট সময় চান। তখন তিনি বলেন, মাননীয় স্পিকার এই চুক্তিটি ৬০ দিনের মধ্যে যদি সরকার চায় বাতিল করতে পারে। চুক্তিটি সংসদে আনা হোক।’
স্পিকার বলেন, ‘এটি পয়েন্ট অব অর্ডার হিসেবে গ্রহণ করতে পারছি না বলে দুঃখিত।’
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন