এ সম্পর্কিত আরও খবর
দেশে পেপ্যাল চালুর উদ্যোগ, ২ লাখ ফ্রিল্যান্সার তৈরির পরিকল্পনা; প্রধানমন্ত্রী
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পিএম
-
ছবি: সংগৃহীত
দেশে তথ্যপ্রযুক্তি খাত সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বহুল প্রতীক্ষিত অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’ (PayPal) চালুর কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে আগামী ৫ বছরে ২ লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড প্রদান এবং উচ্চপ্রযুক্তিতে হাজারো তরুণকে প্রশিক্ষিত করার মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
আজ বুধবার জাতীয় সংসদের অধিবেশনে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বিভিন্ন সংস্থা ও দপ্তর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নানা পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মাধ্যমে ৫ বছরে ১ হাজার জনকে প্রশিক্ষণ দিয়ে ফ্রিল্যান্সার তৈরি এবং ২ লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড প্রদান। ইতোমধ্যে ৭৫০০ জন ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেওয়া হয়েছে এবং কার্যক্রম চলমান রয়েছে।
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের মাধ্যমে ২০২৬ সালে ২৪০০ জনকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেশিন লার্নিং (ML) ও ভার্চুয়াল রিয়েলিটির মতো প্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৮৩টি সেবা অনলাইনে দেওয়া হচ্ছে এবং আগামী এক বছরে আরও ১০টি নতুন সেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া পেপ্যালের কার্যক্রম চালুর লক্ষ্যে হাই-টেক পার্ক ও আইসিটি সেন্টারগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে এবং বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নিতে একটি কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে আগামী ৫ বছরে ২০টি ব্যাচে প্রায় ১ হাজার গ্র্যাজুয়েট ও আন্ডারগ্র্যাজুয়েটকে আইটিইই প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি ৫ হাজার ২০ জনকে এআই, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, পাইথন প্রোগ্রামিং, ডাটা অ্যানালিটিক্স ও সাইবার সিকিউরিটি বিষয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া প্রায় ৭০০ জন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষকে মৌলিক কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার পরিকল্পনাও রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন