এ সম্পর্কিত আরও খবর
মির্জা আব্বাসকে নেয়া হচ্ছে সিঙ্গাপুরে
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১০:৩৮ এএম
-
ছবি: সংগৃহীত
উন্নত চিকিৎসার জন্য আজ (শুক্রবার) সিঙ্গাপুর নেয়া হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা, সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। চিকিৎসকদের পরামর্শে আজ (১৩ মার্চ) এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে বিদেশে নেয়ার প্রস্তুতি চলছে।
তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে তিনি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।
শুক্রবার সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দলের স্থায়ী কমিটির এ সদস্যের অসুস্থতার খবর জানানো হয়। পোস্টে লেখা হয়, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১১ মার্চ) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গভীর রাতে তাকে হাসপাতালে নেয়া হয় এবং সেখানে ভর্তি করা হয়।
মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এদিকে মির্জা আব্বাসকে দেখতে বৃহস্পতিবার রাতে হাসপাতালে যান জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি হাসপাতালে মির্জা আব্বাসের স্ত্রীর কাছে তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন। এসময় তিনি মির্জা আব্বাসের রোগমুক্তি কামনা করেন। জামায়াত আমীরের সঙ্গে ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার সভাপতি ডা. এসএম খালিদুজ্জামান।
এছাড়া মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, স্থায়ী কমিটির সদস্য ও সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন