এ সম্পর্কিত আরও খবর
সাবেক গভর্নর আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৩:৩০ এএম
-
ছবি: সংগৃহীত
অ্যাননটেক্স গ্রুপের নামে প্রায় ৫৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মঙ্গলবার দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই পরোয়ানা জারি করেছেন।
মোতাবেক তথ্য, গত বছরের ২০ অক্টোবর ড. বারকাতসহ ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল দুদক। ১৫ জানুয়ারি আদালত চার্জশিট আমলে নিয়ে ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। এছাড়া, আগামী ৪ মার্চ গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন।
গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান, সাবেক সহকারী পরিচালক মোছামৎ ইসমত আরা বেগম, জনতা ব্যাংকের সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদ, মো. ইমদাদুল হক, নাগিবুল ইসলাম দীপু, আর এম দেবনাথ, মো. আবু নাসের, সঙ্গীতা আহমেদ এবং অধ্যাপক নিতাই চন্দ্র নাথ।
এছাড়া জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবদুছ ছালাম আজাদ, সাবেক উপমহাব্যবস্থাপক আজমুল হক, সাবেক এ জি এম অজয় কুমার ঘোষ, সাবেক ম্যানেজার (শিল্প ঋণ-১) মো. গোলাম আজম, নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান, এস ই ও মো. এমদাদুল হক, সাবেক উপমহাব্যবস্থাপক মো. আব্দুল জব্বার, সাবেক ডিএমডি মো. গোলাম ফারুক ও ওমর ফারুক, অ্যাননটেক্স গ্রুপের চেয়ারম্যান মো. ইউনুছ বাদল, মেসার্স সুপ্রভ স্পিনিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন ও পরিচালক মো. আবু তালহা রয়েছেন।
মামলার শুনানির আগে কারাগারে থাকা একমাত্র আসামি ড. বারকাতকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়। ড. বারকাতের পক্ষে তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জামিন আবেদন করেন, যা আদালত খারিজ করেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে মিথ্যা রেকর্ড তৈরি করে জনতা ব্যাংক পিএলসি থেকে প্রায় ৫৩১ কোটি ৪৪ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এটির সুদ-সহ পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ১৩০ কোটি ১৯ লাখ টাকায়। অভিযোগে আরও বলা হয়েছে, ব্যাংকের কর্মকর্তাদের সহায়তায় তারা ঋণের অর্থ জালিয়াতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে আত্মসাত করেছেন।
এই মামলাটি গত বছরের ২২ ফেব্রুয়ারি দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থার উপপরিচালক মো. নাজমুল হুসাইন দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন