এ সম্পর্কিত আরও খবর
যেভাবে পুলিশ সংস্কার করতে চেয়েছি, সেভাবে হয়নি: আইন উপদেষ্টা
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৬:০৮ এএম
-
ছবি: সংগৃহীত
যেভাবে পুলিশ সংস্কার করার পরিকল্পনা ছিল, সেভাবে তা বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন’ শীর্ষক নীতি সংলাপে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, কিছু মানুষের কাছে সংস্কার নিয়ে নেতিবাচক মন্তব্য এক ধরনের উদ্দীপকের মতো কাজ করে, কারণ এতে বাড়তি ভিউ পাওয়া যায়। তবে কোনো সংস্কারই হয়নি এমন ধারণা সঠিক নয়। তাঁর ভাষায়, প্রত্যাশা যদি ১০ ধরা হয়, তাহলে অন্তত চার অর্জন করা গেছে। তবে পুলিশ সংস্কার যেভাবে করার কথা ছিল, তা পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তিনি বলেন, সংস্কারের ক্ষেত্রে সবার সঙ্গে ব্যাপক পরামর্শ করা হয়েছে, যা ১৯৭২ সালের সংবিধান প্রণয়নের সময়েও করা হয়েছিল।
আইন উপদেষ্টা আরও বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব আইনই করা হয়েছে। এর ধারাবাহিকতায় আইনের শাসন পুরোপুরি প্রতিষ্ঠা পেতে আরও ৫ থেকে ১০ বছর সময় লাগবে। তবে সংস্কারের পথে অগ্রগতি হয়েছে এবং ভবিষ্যতে নির্বাচিত সরকার এই ধারা বজায় রাখলে জনগণ এর সুফল পাবে।
তিনি বলেন, শুধুমাত্র দীর্ঘদিন ‘জয় বাংলা’ বা ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বললেই বিচারক হওয়া যায় না। উচ্চ আদালতেও কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে, যা উচ্চ আদালত থেকেই বাস্তবায়ন করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন