এ সম্পর্কিত আরও খবর
খালেদা জিয়ার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম এখন শোকের ক্যানভাস
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ পিএম
-
ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পেজের প্রোফাইল পিকচার এখন কালো। এই শোক দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য। তার মতো অনেকেই তাদের প্রোফাইল পিকচার কালো করে শোক জানাচ্ছেন খালেদা জিয়ার জন্য; স্মরণ করছেন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে তার অবদান।
তিনবারের প্রধানমন্ত্রী, ৪১ বছর ধরে বিএনপিকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি গণতন্ত্রের লড়াই চালিয়ে যাওয়া খালেদা জিয়ার জীবনাবসান ঘটে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে। তার মৃত্যুতে দেশে দলমত–নির্বিশেষে সবাই এখন শোক পালন করছে। বিদেশি রাষ্ট্রনেতারাও জানাচ্ছেন শোক।
খালেদা জিয়ার ছেলে তারেক রহমান সকালে মায়ের মৃত্যুর খবর জানিয়ে ফেসবুকে পোস্ট দিলে শোকাকুল হয়ে পড়ে বিএনপির অগুনতি নেতা, কর্মী, সমর্থক।
তিনি লেখেন, আমার মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার সেই পোস্টে এরই মধ্যে তিন লাখের বেশি মন্তব্য জমা হয়েছে, যেখানে খালেদা জিয়ার জন্য শোক প্রকাশ করা হয়।
‘মহাকালের সমাপ্তি’ ঘোষণা করে বিএনপির মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে খালেদা জিয়ার মৃত্যুর কথা জানিয়ে পোস্ট দেওয়ার পর খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ১২ ঘণ্টায় ২১ হাজারের বেশি মন্তব্য জমা হয় সেই পোস্টের নিচে।
সেখানে জাহিদুল ইসলাম মিলন নামের একজন লেখেন, বিএনপির আদর্শ, পথচলা কিংবা রাজনৈতিক অবস্থান অনেকের কাছে বিতর্কিত হতে পারে, তবে একটি বিষয়ে সবাই একমত হবেন, আর তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই মহীয়সী নারী শুধু একজন নেত্রী নন, তিনি বাংলাদেশের ইতিহাসে এক অধ্যায়। যার ধৈর্য ছিল পাহাড়সম, আত্মসংবরণ ছিল উদাহরণস্বরূপ। এক এক করে হারিয়েছেন জীবনের সব প্রিয়জন—স্বামী, সন্তান, সহযোদ্ধা। এক ছেলে শহীদ, আরেকজন নির্বাসিত। নিজে বন্দি, ঘরছাড়া, রাজনৈতিক প্রতিহিংসার নির্মম শিকার। তবু কখনো মাথা নত করেননি।
খালেদা জিয়া মানে স্বৈরাচারকে ‘না’—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল পোস্ট দেওয়ার পর পাঁচ ঘণ্টায় সেখানে প্রায় দুই হাজার মন্তব্য জমা হয়।
সেখানে তুহিন হাসান নামের একজন লেখেন, যে জীবন সংগ্রামের, যে জীবন আপসহীন, সে জীবনের শেষ নাই।
বিভিন্ন মানুষ ফেসবুকে তাদের প্রোফাইল পিকচার কালো করেছেন খালেদা জিয়ার প্রতি বিনম্র শ্রদ্ধায়। কেউ স্মরণ করছেন তার রাজনৈতিক জীবনের নানা ঘটনা। কেউ আবার আবেগঘন ভাষায় তুলে ধরছেন ‘আপসহীন’ হিসাবে পরিচিত এই নেত্রীর ব্যক্তিগত দৃঢ়তা ও সংগ্রামের গল্প।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন