এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুলিশের হাতে ‘কামড়’ দিয়ে পালালো আসামি
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৪:২৩ এএম
-
ছবি: সংগৃহীত
কুমিল্লায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। এতে অন্তত ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। সেই সঙ্গে ওয়ারেন্টভুক্ত ওই আসামি পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়ে গেছেন।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর ধর্মপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুরও করা হয়।
ঘটনার পর অভিযুক্ত আসামি ও হামলায় জড়িতদের আটক করতে অভিযানে নেমেছে যৌথবাহিনী।
পুলিশ জানায়, শনিবার দুপুরে নগরীর ধর্মপুর এলাকার ওয়ারেন্টভুক্ত আসামি মো. রবিনকে পুলিশ আটক করলে সেখানে স্থানীয় মাদক ব্যবসায়ীদের সঙ্গে তাদের উত্তেজনা তৈরি হয়। এ সময় রবিনের সহযোগী একদল মাদক কারবারি ক্ষিপ্ত হয়ে পুলিশ এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।
একপর্যায়ে রবিন এক পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যায় এবং কারবারিদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ধর্মপুর এলাকায় অভিযানে নেমেছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক জানান, দুপুরে ধর্মপুর এলাকায় চেকপোস্টে তল্লাশি চালানোর সময় পুলিশ রবিনের কাছে একটি ছুরি পায়। সে (রবিন) পুলিশের ওয়ারেন্টভুক্ত আসামি। এ নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে স্থানীয় মাদক কারবারিদের উত্তেজনা দেখা দেয়। কারবারিরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং ওয়ারেন্টভুক্ত আসামি এক পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন