এ সম্পর্কিত আরও খবর
পঞ্চগড়ে সাবেক এমপির স্ত্রী অবসরপ্রাপ্ত মেজর কাজী মৌসুমি কারাগারে
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৯:৪৪ পিএম
-
ছবি: সংগৃহীত
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তার স্ত্রী, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর কাজী মৌসুমিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় পঞ্চগড় সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও পঞ্চগড় যুব মহিলা লীগের সভাপতি নিলুফার ইয়াসমিনকেও কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ভারপ্রাপ্ত জেলা জজ মাহাবুব আলী মুয়াদের আদালত জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। এ সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, গত বছর আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়ায় নিজ বাসভবনে কেক কাটার আয়োজন করেন কাজী মৌসুমি। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগে গত ২০ জুলাই পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক মানিক মিয়া বাদী হয়ে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে ৪৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
পরে কাজী মৌসুমি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন লাভ করেন। সেই জামিনের মেয়াদ শেষে তিনি জেলা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের বিরোধিতার মুখে আসামিপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন আইনজীবী অ্যাডভোকেট মির্জা সারওয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ. হাসান প্রধানসহ আরও কয়েকজন আইনজীবী।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মির্জা সারওয়ার হোসেন বলেন, উচ্চ আদালতের শর্ত অনুযায়ী কাজী মৌসুমি তদন্ত কর্মকর্তার ডাকে সাড়া দিয়েছেন। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং তার একটি প্রতিবন্ধী সন্তান চিকিৎসাধীন রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে জামিন দেওয়া উচিত ছিল।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম প্রচার, 'জয় বাংলা' স্লোগান দেওয়া এবং ভীতি প্রদর্শনের অভিযোগ আদালতে উপস্থাপন করা হয়েছে। আদালত রাষ্ট্রপক্ষের যুক্তিতে সন্তুষ্ট হয়ে জামিন আবেদন নামঞ্জুর করেছেন। তিনি আশা প্রকাশ করেন, মামলার তদন্ত দ্রুত শেষ করে শিগগিরই অভিযোগপত্র দাখিল করা হবে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন