এ সম্পর্কিত আরও খবর
জনবল ও অবকাঠামো সংকটে নরসিংদী সদর উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৯:৩২ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
নরসিংদী প্রতিনিধি: জনবল সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং আধুনিক প্রশিক্ষণ উপকরণের অভাবে নরসিংদী সদর উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার (ইউপিইটিসি) কার্যক্রম পরিচালনায় নানা প্রতিবন্ধকতার মুখে রয়েছে। সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে চলমান এসব সমস্যা দ্রুত সমাধান না হলে প্রাথমিক শিক্ষকদের দক্ষতা উন্নয়ন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
জানা গেছে, কেন্দ্রটি বর্তমানে ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিতে অবস্থিত একটি ভবনে পরিচালিত হচ্ছে। একই প্রাঙ্গণে বিদ্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্র থাকায় অনেকেই এটিকে বিদ্যালয়ের অংশ মনে করেন। ফলে সাধারণ মানুষ সহজে এটি একটি সরকারি দপ্তর হিসেবে শনাক্ত করতে পারেন না। সংশ্লিষ্টদের অভিমত, উপজেলা কমপ্লেক্সে স্থানান্তর করা হলে দাপ্তরিক কার্যক্রম আরও সহজ, স্বচ্ছ ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।
প্রতিষ্ঠানটির দায়িত্বে রয়েছেন ইন্সট্রাক্টর ফেরদৌসী বেগম। বর্তমানে তিনি এবং ডাটা এন্ট্রি অপারেটর রিতা বেগম—এই দুইজন কর্মকর্তা-কর্মচারী দিয়েই পুরো অফিস পরিচালিত হচ্ছে। সহকারী ইন্সট্রাক্টর পদটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এছাড়া নৈশ প্রহরী ইকবাল হোসেন ২০১৮ সালে সাময়িক বরখাস্ত হওয়ার পর থেকে ওই পদটিও কার্যত শূন্য রয়েছে।
প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় অবকাঠামোরও ঘাটতি রয়েছে। প্রশিক্ষণ কক্ষের সংস্কার, শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা, আধুনিক সাউন্ড সিস্টেম, মাল্টিমিডিয়া প্রজেক্টর, কম্পিউটার এবং উচ্চগতির ইন্টারনেট সংযোগের প্রয়োজন রয়েছে। পাশাপাশি ঘন ঘন লোডশেডিংয়ের কারণে প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ কারণে বিদ্যুৎ সংযোগ ডিসি ফিডারে স্থানান্তরের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এছাড়া অফিস কক্ষের সংকট রয়েছে। কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থীদের ব্যবহারের জন্য পুরো প্রতিষ্ঠানে মাত্র একটি বাথরুম রয়েছে, যা দীর্ঘদিন ধরে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। নিরাপদ ও সুপেয় পানিরও কোনো স্থায়ী ব্যবস্থা নেই।
২০২৫-২০২৬ অর্থবছরে কেন্দ্রটিতে শুধুমাত্র চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪)-এর সাব-কম্পোনেন্টের আওতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের (SEND) শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক "একীভূতকরণের কৌশল: শিখন-শেখানো এবং মূল্যায়ন" শীর্ষক একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ইন্সট্রাক্টর ফেরদৌসী বেগম বলেন, বর্তমান সরকারের অধীনে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সে কার্যক্রম বাস্তবায়নে উপজেলা প্রাইমারি ট্রেনিং সেন্টারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এ প্রশিক্ষণ বাস্তবায়ন করার জন্য ইউপিইটিসি গুলোর সমস্যাগুলো দ্রুত সমাধান করা সময়ের দাবী হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি এই প্রতিষ্ঠানের জনবলের বিভিন্ন যৌক্তিক দাবিদাওয়া গুলো সরকারের বিবেচনায় নেয়ার অনুরোধ রইলো।
সংশ্লিষ্টরা দ্রুত শূন্য পদে জনবল নিয়োগ, উপজেলা কমপ্লেক্সে দপ্তর স্থানান্তর, প্রশিক্ষণ কক্ষ আধুনিকায়ন, প্রয়োজনীয় প্রযুক্তি ও প্রশিক্ষণ উপকরণ সরবরাহ, সুপেয় পানির ব্যবস্থা এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন