এ সম্পর্কিত আরও খবর
কিশোরী গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী-শ্বাশুড়িসহ গ্রেপ্তার ৩
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৬:২৭ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুরের রামগতিতে প্রেমের বিয়ে সাত মাস পর শ্বশুর বাড়িতে মারিয়া জাহান মীম (১৬) নামে এক কিশোরী গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠে। ওই ঘটনায় র্যাব অভিযান চালিয়ে নিহতের স্বামী মাহিম হোসেনসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (২১ জুন) বিকেলে র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মো. মুহিত কবীর সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে শনিবার (২০ জুন) দিবাগত রাতে রাজধানীর সাভার ও আশুলিয়ায় অভিযান চালিয়ে মাহিমসহ তিনজনকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার মাহিম রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামের প্রবাসী মোহাম্মদ হানিফের ছেলে। গ্রেপ্তার অন্যরা হলেন মাহিমের মা মাহিনুর বেগম ও স্বজন দেলোয়ার হোসেন সোহাগ। এরমধ্যে সোহাগকে সন্দেহজনক আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব ও স্থানীয় সূত্র জানায়, নিহত মীম রামগতি উপজেলার চরসেকান্তর গ্রামের আব্দুল মালেকের মেয়ে। গত ৯ জুন শ্বশুর বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই তার স্বামী-শ্বাশুড়িসহ শ্বশুর বাড়ির লোকজন পলাতক ছিল। ঘটনার দুইদিন পর মীমের মা বাদী হয়ে রামগতি থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় র্যাব-১১ অভিযান চালিয়ে মীমের স্বামী মাহিম ও শ্বাশুড়ি মাহিনুরসহ ৩ জনকে গ্রেপ্তার করে। ঘটনার প্রায় ৭ মাস আগে প্রেমের সম্পর্কে মীম ও মাহিম পালিয়ে গিয়ে বিয়ে করে।
মীমের চাচা রাকিব হোসেন সাংবাদিকদের বলেন, বিয়ের পর থেকে মীমের সঙ্গে আমাদের কারো যোগাযোগ ছিল না। সম্প্রতি মাহিমের বাবা দেশে আসে। পরে বিয়ের বিষয়টি মেনে নেওয়ার জন্য উভয়পক্ষ সম্মত হয়। কিন্তু কাবিনের টাকা নিয়ে দ্বন্দ্ব হয়। এছাড়া পারিবারিক বিরোধও ছিল। এর জের ধরেই মীমকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।
র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মো. মুহিত কবীর সেরনিয়াবাত বলেন, ৩ আসামিকে গ্রেপ্তার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রামগতি থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন