এ সম্পর্কিত আরও খবর
পঞ্চগড় সীমান্তে ৩৬ ঘণ্টা ধরে জিরো লাইনে ১০ জন, পতাকা বৈঠকেও মেলেনি সমাধান
- পঞ্চগড় প্রতিনিধি
- প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৭:১৯ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
নারী ও শিশুসহ আটকে থাকা ব্যক্তিদের বাংলাদেশে ঢুকতে দেয়নি বিজিবি, ফিরিয়ে নেয়নি বিএসএফ
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১০ জন ব্যক্তি প্রায় ৩৬ ঘণ্টা ধরে জিরো লাইনে অবস্থান করছেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করলে বিজিবি তা প্রতিহত করে। তবে বিএসএফও তাদের ফিরিয়ে নেয়নি। ফলে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় অনিশ্চয়তার মধ্যে দিন-রাত কাটছে তাদের।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, শুক্রবার ভোররাতে বিএসএফ নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে বড়বাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। পরে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। শনিবার পুনরায় পতাকা বৈঠক হলেও অচলাবস্থার অবসান ঘটেনি।
এদিকে শুক্রবার সারাদিন প্রখর রোদে থাকার পর সারারাত ঝড়-বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অবস্থান করতে হয়েছে তাদের। সীমান্তে আটকে থাকা এসব নারী, পুরুষ ও শিশুর মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে প্রবল বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে ঘরে থাকাও কঠিন ছিল। সেখানে নারী ও শিশুদের নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করতে হওয়ায় তাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দ্রুত এ সমস্যার মানবিক সমাধান চান এলাকাবাসী।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম বলেন, বিজিবি কোনো ধরনের পুশইন মেনে নেবে না। সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নারী ও শিশুসহ ১০ জন ব্যক্তি সীমান্তের ভারতীয় অংশে অবস্থান করছিলেন এবং বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন