এ সম্পর্কিত আরও খবর
আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ ১
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৪ মে ২০২৬, ০১:১৮ পিএম
-
ছবি: সংগৃহীত
কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতা লিয়াকত আলী মেম্বারকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তলসহ একজনকে আটক করেছে।
রবিবার (২৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. অহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তির নাম জিয়াউল হক জিয়া। তার বাড়ি ঈদগাঁও উপজেলার কালিরছড়া এলাকায়।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম মঈন উদ্দিন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি লিয়াকত আলী মেম্বারের চাচাতো ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার মামলায় হাজিরা দিতে আদালতে আসেন। এ সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। লিয়াকত আলী সরে গেলে গুলিটি পাশে থাকা এক ব্যক্তির শরীরে বিদ্ধ হয়। তাকে গুরুতর অবস্থায় উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান জানান, আটক ব্যক্তির কাছ থেকে পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার হয়েছে। তাকে কক্সবাজার সদর মডেল থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটির তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী বলেন, প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরে হামলা হয়েছে বলে জানতে পেরেছি। তদন্তের জন্য এই মুহূর্তে প্রতিপক্ষের নাম প্রকাশ করতে চাচ্ছি না।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন