এ সম্পর্কিত আরও খবর
সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: নাসিরুদ্দীন পাটোয়ারী
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২০ মে ২০২৬, ১১:০৮ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
সীমান্তে একের পর এক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এবং সরকারের নীরবতার কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, "সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত।"
আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত খাদিমুলের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাসিরুদ্দীন পাটোয়ারী অভিযোগ করে বলেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে ডিস্টার্ব করছেন। তাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দড়িতে ঝোলাতে পারলেই সীমান্ত হত্যা বন্ধ হবে। একই সঙ্গে তিনি দেশের যুবসমাজকে ধ্বংস করার একটি পরিকল্পিত চক্রান্তের দাবি তুলে বলেন, ভারত উদ্দেশ্যপ্রণোদিতভাবে সীমান্তে মাদক সরবরাহ করছে। কসবায় সাম্প্রতিক চারটি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে এসব ঘটনায় বর্তমান সরকারের সম্পূর্ণ নীরব ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ও সমালোচনা প্রকাশ করেন এনসিপির এই শীর্ষ নেতা।
সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আরও শক্তিশালী ও কার্যকর করার জোর দাবি জানিয়ে তিনি বলেন, "নিহত খাদিমুল মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে শহীদ হয়েছেন। অথচ বিজিবি যে প্রেস রিলিজ দিয়েছে, তা পুরোটাই বিএসএফের সাজানো বয়ানের কপি।" তিনি আরও যোগ করেন, বাংলাদেশের সাধারণ মানুষ চোরাচালানের সঙ্গে জড়িত নয়, বরং সীমান্তের প্রতিটি নিরীহ মানুষ আজ চরম অত্যাচার ও নির্যাতনের শিকার হচ্ছে।
বর্তমানে পশ্চিমবঙ্গ ও আসাম সীমান্তে তীব্র অস্থিরতা বিরাজ করছে উল্লেখ করে নাসিরুদ্দীন পাটোয়ারী অবিলম্বে ওইসব এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারির জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত এলাকার বাসিন্দাদের নিজেদের সুরক্ষায় ঐক্যবদ্ধ ও সংঘবদ্ধ হওয়ার পরামর্শ দেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন