এ সম্পর্কিত আরও খবর
ভুল সেটে পদার্থবিজ্ঞান পরীক্ষা, জেলা প্রশাসনের কঠোর পদক্ষেপ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৭ মে ২০২৬, ১১:৫২ এএম
-
ছবি: সংগৃহীত
পটুয়াখালী প্রতিনিধি: জেলার ঐতিহ্যবাহী পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষায় ভুল সেটে প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের ঘটনায় চার শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে বরিশাল শিক্ষা বোর্ড।
সোমবার (১২ মে) বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী স্বাক্ষরিত এক চিঠিতে এ সুপারিশ করা হয়।
বোর্ড সূত্রে জানা গেছে, গত ১০ মে অনুষ্ঠিত এসএসসি পদার্থবিজ্ঞান (বিষয় কোড-১৩৬) পরীক্ষায় নির্ধারিত ০১ নম্বর সেটের পরিবর্তে ০৩ নম্বর সেটে পরীক্ষা নেওয়া হয়।
বিষয়টি পরীক্ষা পরিচালনায় গুরুতর গাফিলতি হিসেবে চিহ্নিত করে সংশ্লিষ্টদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরে পটুয়াখালী জেলা প্রশাসকের প্রেরিত পত্রের আলোকে বরিশাল শিক্ষা বোর্ড এ ব্যবস্থা গ্রহণ করে।
বিভাগীয় ব্যবস্থার সুপারিশ পাওয়া চার শিক্ষক হলেন কেন্দ্র সচিব ও পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিল, পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সাইফুল হক আজাদ, মো. শাহ আলম ও মো. রুবেল হোসেন।
চিঠিতে বলা হয়, পাবলিক পরীক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত থেকে দায়িত্ব পালনে গাফিলতি ও ব্যর্থতার কারণে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কাছে সুপারিশ পাঠানো হয়েছে।
এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে কেন্দ্র সচিব ইব্রাহিম খলিলের অতীত। ২০০৪ সালের এসএসসি পরীক্ষায় অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের ঘটনায় বরিশাল শিক্ষা বোর্ডের কার্যক্রম থেকে অবশিষ্ট চাকরিকাল পর্যন্ত বহিষ্কৃত শিক্ষকদের তালিকায়ও তার নাম ছিল। সে সময় ব্যবহারিক পরীক্ষায় অনিয়ম, খাতা মূল্যায়নে গাফিলতি ও পরীক্ষার্থীদের অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে বোর্ড শাস্তিমূলক ব্যবস্থা নেয়। পরে লিখিতভাবে ক্ষমাপ্রার্থনা করলে ২০১১ সালে দ্বিতীয়বার এ ধরনের ভুল না করার শর্তে তার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন