এ সম্পর্কিত আরও খবর
পঞ্চগড়ে ট্রাকচাপায় আইনজীবীর মৃত্যু
- বদরুদ্দোজা প্রধান,পঞ্চগড়:
- প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পিএম
-
ছবি: সংগৃহীত
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সোলায়মান হক (৩৮) নামে এক আইনজীবীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সন্ধায় জেলার ধাক্কামারা ইউনিয়নের মিলগেট বাজার-ফুলতলা সড়কের আহমদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোলায়মান হক বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সদ্দারপাড়া এলাকার বাসিন্দা ও মকবুল হোসেনের ছেলে। তিনি পঞ্চগড় আইনজীবী সমিতির সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোলায়মান হক মোটরসাইকেলে পঞ্চগড় থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে আহমদনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে আকস্মিক এই দুর্ঘটনায় নিহতের পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি সড়কে নিরাপত্তা জোরদার ও বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন