এ সম্পর্কিত আরও খবর
নদীতে নিখোঁজের দুইদিন পর জেলের মরদেহ উদ্ধার
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পিএম
-
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের কমলনগরে বাগদা চিংড়ি রেণু শিকারে মেঘনা নদীতে নেমে জালের রশিতে পা পেঁচিয়ে স্রোতে তলিয়ে যাওয়া জেলে মো. শিপনের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৯এপ্রিল) দুপুরে উপজেলার নাসিরগঞ্জের বাতিরখাল এলাকা থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। এর আগে সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার নবীগঞ্জ এলাকায় নদীতে শিপন নিখোঁজ হয়। নিখোঁজ শিপন উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলি কাশেমের বাড়ির মো. বাবুল মিয়ার ছেলে। ঘটনার ১৫ দিন আগে তিনি বিয়ে করেছেন।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শিপন মই জাল দিয়ে চিংড়ি রেণু শিকারে নবীগঞ্জ এলাকায় নদীতে যায়। নদীতে জাল ফেলার একপর্যায়ে সাঁতরে সেটি টেনে উঠানোর চেষ্টা করে। এসময় অসাবধানতাবশত তার পায়ের সঙ্গে জালের রশি পেঁচিয়ে যায়। এতে তিনি স্রোতের সঙ্গে গভীর পানিতে তলিয়ে নিখোঁজ হন। আশপাশে থাকা অন্য জেলেরা চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, নদীতে মাছ ধরতে গিয়ে শিপন নিখোঁজ হয়েছিল। ঘটনার দিন ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা চেষ্টা করেও তাকে খুঁজে পায়নি। শুনেছি স্থানীয়রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন