এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় শিক্ষককে কুপিয়ে জখমের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১০:৫০ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
নীলফামারী প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে এক মাদ্রাসা শিক্ষককে নির্মমভাবে কুপিয়ে জখম করার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বেলা ১১টায় নীলফামারী সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
উল্লেখ্য, কয়েকদিন আগে কুমিল্লার চৌদ্দগ্রামের গোপালনগর মহিলা আলিম মাদ্রাসার শিক্ষক খাইরুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। আহত ওই শিক্ষক নীলফামারীর ডিমলা উপজেলার স্থায়ী বাসিন্দা হওয়ায় স্থানীয় শিক্ষার্থী ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নীলফামারী সরকারি কলেজের গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জহুরুল ইসলাম মিরাতের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে কলেজের শিক্ষকরাও একাত্মতা প্রকাশ করেন। বক্তারা বলেন, একজন শিক্ষক কর্মস্থলে নিরাপদ না থাকলে তা জাতির জন্য লজ্জার। খাইরুল ইসলামের ওপর হামলা পুরো শিক্ষক সমাজের ওপর হামলার শামিল।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সোলায়মান আলী বলেন, “শিক্ষকরা জাতি গড়ার কারিগর। যারা নিজ জেলা ছেড়ে দূর-দূরান্তে গিয়ে শিক্ষা দিচ্ছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ‘শিক্ষক সুরক্ষা আইন’ প্রণয়ন করা জরুরি।”
এ সময় শিক্ষার্থী বক্তারা অভিযোগ করেন, হামলার নেপথ্যে ওই প্রতিষ্ঠানের প্রধান জাহাঙ্গীর হোসেনের সম্পৃক্ততা রয়েছে। তারা দ্রুত তাকে এবং জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের আইনের আওতায় না আনা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন