এ সম্পর্কিত আরও খবর
পঞ্চগড়ে নদ-নদী নিয়ে গবেষণা, লেখক কর্মশালা অনুষ্ঠিত
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১২:০২ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
পঞ্চগড় প্রতিবেদক: পঞ্চগড়ের ৫০টি নদ-নদীর ওপর গবেষণাধর্মী গ্রন্থ প্রকাশের লক্ষ্যে একটি লেখক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নজরুল পাঠাগারের ভাষা ও বিতর্ক ক্লাবের সেমিনার কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রাণ, প্রকৃতি, পরিবেশ ও সাংস্কৃতিক উন্নয়ন বিষয়ক সংস্থা ‘কারিগর’ এ গবেষণা ও প্রকাশনার উদ্যোগ গ্রহণ করেছে। পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা পরিষদ এ গ্রন্থ প্রকাশে সহযোগিতা করছে।
কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নদী ও ইতিহাস গবেষক মাহবুব সিদ্দিকী।
এ সময় আরও বক্তব্য দেন পঞ্চগড় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আকতারুজ্জামান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম খায়ের এবং লেখক ও গবেষক শফিকুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘কারিগর’-এর নির্বাহী পরিচালক সরকার হায়দার।
আয়োজকরা জানান, কর্মশালার মূল উদ্দেশ্য হলো নদ-নদীগুলোকে বহমান রাখা এবং সেগুলোর সঠিক চিত্র তুলে ধরা। পঞ্চগড়ের নদ-নদীগুলোকে সরেজমিনে চিহ্নিত করে তাদের ইতিহাস, ঐতিহ্য, মিথ, কৃষি ও অর্থনৈতিক অবদান, এবং নদীর প্রভাবে সভ্যতার বিবর্তন বিশ্লেষণ করা হবে। পাশাপাশি নদ-নদীর পরিবর্তনের প্রেক্ষাপট ও কারণ অনুসন্ধান করা এবং সেগুলো সংরক্ষণের জন্য একটি কার্যকর রূপরেখা ও প্রস্তাবনা প্রণয়ন করা হবে।
তারা আরও জানান, জেলার লেখক ও গবেষকদের অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়িত হলে নদ-নদী বিষয়ে সচেতনতা বাড়বে এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
কর্মশালায় কবি, লেখক, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন