এ সম্পর্কিত আরও খবর
জেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে নরসিংদীতে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পিএম
-
ছবি: সংগৃহীত
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ অভিযানে প্রায় ৯ হাজার লিটার অবৈধভাবে মজুদকৃত ডিজেল উদ্ধার করা হয়েছে। এ সময় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জরিমানাও আদায় করা হয়।
জানা যায়, ১৬ এপ্রিল দিবাগত রাত থেকে ১৭ এপ্রিল প্রথম প্রহর (রাত ১২টা থেকে ২টা) পর্যন্ত নিয়মিত অভিযানের অংশ হিসেবে পলাশ উপজেলার জিনারদি মূলপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ ও অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ। তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর একটি চৌকস দল অংশ নেয়।
অভিযানকালে একটি স্থানে বেআইনিভাবে মজুদ রাখা প্রায় ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ডিজেল তাৎক্ষণিকভাবে বাজেয়াপ্ত করা হয় এবং মাধবদীর ভাগিরথপুর এলাকায় অবস্থিত একটি সিএনজি ফিলিং স্টেশনের নিকট সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। এতে মোট ৮ লাখ ৬৭ হাজার ৫১০ টাকা আদায় হয়। প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার হওয়ায় ব্যাংক বন্ধ থাকায় পরবর্তী কার্যদিবসে তা জমা দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারা অনুযায়ী যথাক্রমে ৫০ হাজার ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ৬০ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
জনস্বার্থ রক্ষায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন