এ সম্পর্কিত আরও খবর
গণতন্ত্র ছাড়া বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয়: স্পিকার
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১০ পিএম
-
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ‘গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়। গণতান্ত্রিক ব্যবস্থা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব। সেই দিক দিয়ে রাজনীতি একটি ভালো দিক, আমি লক্ষ্য করেছি।
এর মাধ্যমে সাধারণ মানুষের সচেতনতা বেড়েছে। গণতন্ত্রের প্রতি তাদের ঐকান্তিক আগ্রহ বেড়েছে। এটি বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে যাবে।’
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বরিশাল নগরীর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
স্পিকার বলেন, বর্তমানে পড়াশোনা ও খেলাধুলা থেকে রাজনীতির প্রতি মানুষের বেশি আকর্ষণ। বাংলাদেশ স্বাধীন হয়েছে রাজনৈতিক আগ্রহের কারণে। কখনো আবার স্বৈরশাসন যখন মানুষের ওপর চেপে বসে সে সময় ছাত্র-যুবকরাই জনগণের পক্ষ থেকে রাজপথে নেমে এসে স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে আবার পুনঃপ্রবর্তন করে।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘গত ১৬ বছরের স্বৈরশাসনের পর ছাত্রজনতা, সাধারণ মানুষ রাজপথে নেমে যেভাবে মাফিয়াতন্ত্রের অবসান ঘটিয়েছে, সেটি বাংলাদেশের জন্য এক গৌরবময় অধ্যায়। এ দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মাটিতে এটাই কামনা করি। পাশাপাশি গণতন্ত্রের মাধ্যমেই দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব হবে।’
তিনি বলেন, ‘একটি সুন্দর-নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হয়েছে। আশা করি এই সংসদ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে।’
এর আগে স্পিকার বরিশালে তার শৈশবের সময়ে কাটানো দিনগুলোর স্মৃতিচারণ করেন। তার আগে বরিশাল সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে সেখান থেকে ভোলার উদ্দেশে রওনা দেন হাফিজ উদ্দিন আহমদ।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন