এ সম্পর্কিত আরও খবর
কারওয়ান বাজারে ঢাবির বাস দুর্ঘটনায় আহত ৮
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১১:২৩ এএম
-
ছবি: সংগৃহীত
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী ‘ক্ষণিকা’ নামের একটি বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে।সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। এতে বাসের সামনের অংশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, বাসটি মগবাজার এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি দুর্ঘটনার শিকার হয়। এ সময় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং একটি মাইক্রোবাসকেও আঘাত করে। এতে বাসের সামনে বসে থাকা শিক্ষার্থী ও মাইক্রোবাসের যাত্রীরা গুরুতর আঘাত পেয়েছেন।
আহত শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, হলি ফ্যামিলি হাসপাতাল, ইনসাফ এবং শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধিরা আহতদের খোঁজ নিতে হাসপাতালগুলোতে ছুটে যান।
ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর আমরা পেয়েছি। তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আমরা কাজ করছি।
ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ফ্লাইওভার থেকে নামার ঠিক আগে বাসের চাকা ব্লাস্ট হওয়ার কারণেই চালক নিয়ন্ত্রণ হারান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন