এ সম্পর্কিত আরও খবর
পঞ্চগড়ে নগর রূপান্তর ফাউন্ডেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
পঞ্চগড় প্রতিনিধি: পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য শহর গড়ে তোলার লক্ষ্যে পঞ্চগড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে নগর রূপান্তর ফাউন্ডেশন। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় শহরের নুরজাহান হোটেলের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন পঞ্চগড় পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হায়াতুন আলম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আমাদের অঙ্গীকার পরিষ্কার পঞ্চগড় পৌরসভা। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা আজ একত্রিত হয়েছি। বিভিন্ন সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দের সক্রিয় সহযোগিতা এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পঞ্চগড় পৌরসভাকে ধূলামুক্ত, যানজটমুক্ত ও আবর্জনামুক্ত একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহরে রূপান্তর করা। মশা-মাছির উপদ্রব হ্রাস এবং দুর্গন্ধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পর্যায়ক্রমে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা বাস্তবায়নে সকলের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমরা প্রত্যাশা করি, পঞ্চগড় পৌরসভা একদিন সারা বাংলাদেশের জন্য একটি মডেল পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত হবে। সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও যানজটমুক্ত পঞ্চগড় গড়ে তোলা সম্ভব বলে আমরা বিশ্বাস করি। এই লক্ষ্যে আমাদের কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
রূপান্তর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অভিযানে প্রায় ১০০ জন শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় তরুণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরিচ্ছন্নতা অভিযানটি নুরজাহান হোটেল এলাকা থেকে শুরু হয়ে পঞ্চগড় শহরের গুরুত্বপূর্ণ চৌরঙ্গী মোড়, জেলা পরিষদ এলাকা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল হয়ে ধাক্কামাড়া এলাকায় গিয়ে শেষ হয়। পুরো পথে অংশগ্রহণকারীরা দলবদ্ধভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
হাতে ঝাড়ু, বস্তা ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে তারা রাস্তার ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং সঠিকভাবে বর্জ্য অপসারণে কাজ করেন। একই সঙ্গে তারা পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান জানান এবং পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি করেন।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, নিজেদের শহরকে পরিষ্কার রাখতে এ ধরনের কার্যক্রমে অংশ নিতে পেরে তারা গর্বিত। তারা বলেন, নিয়মিত এমন উদ্যোগ গ্রহণ করা হলে শহরের পরিবেশ আরও উন্নত হবে এবং নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ তৈরি হবে।আয়োজকরা জানান, এটি শুধু একটি দিনের কর্মসূচি নয় বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, নগর রূপান্তর ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে পঞ্চগড়ে শিক্ষা, পরিবেশ ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন