এ সম্পর্কিত আরও খবর
ঈদুল ফিতরে সরকারি বরাদ্দ খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আব্দুল্লাহ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১০:৩১ এএম
-
ছবি: সংগৃহীত
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি বরাদ্দের ১০ লাখ টাকা বিতরণের তালিকা প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। পাশাপাশি উপকারভোগীদের পূর্ণাঙ্গ তালিকাও উন্মুক্ত করেছেন তিনি।
মঙ্গলবার (২৪ মার্চ) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি ও ‘জবাবদিহিতা’ নামের পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
হাসনাত আব্দুল্লাহ জানান, উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৪৪টি ওয়ার্ডে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার স্বার্থে তালিকায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও মোবাইল নম্বর আংশিক গোপন রাখা হয়েছে। তবে প্রশাসনিক প্রয়োজনে প্রয়োজনীয় তথ্য উন্মুক্ত রাখা হয়েছে।
তিনি আরও জানান, নির্ধারিত তালিকার ভিত্তিতে ১ হাজার মানুষকে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া আরও ৫০০ জনকে সরাসরি ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি বলেন, যেহেতু একই প্রক্রিয়ায় তালিকা প্রণয়ন করা হয়েছে, তাই সম্পূর্ণ তালিকাই প্রকাশ করা হয়েছে।
হাসনাত আব্দুল্লাহ উল্লেখ করেন, সহায়তা বিতরণে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি; বরং প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়াই ছিল মূল লক্ষ্য।
তিনি স্বীকার করেন, সীমিত বরাদ্দের কারণে উপজেলার সব সুবিধাবঞ্চিত মানুষকে এই সহায়তার আওতায় আনা সম্ভব হয়নি। সরকারি বরাদ্দে মাত্র ১ হাজার জন এবং ব্যক্তিগত উদ্যোগে ৫০০ জন সহায়তা পেয়েছেন। ফলে এখনও অনেক অসহায় মানুষ বাকি থাকতে পারেন বলেও জানান তিনি।
স্বচ্ছতা নিশ্চিত করতে এ তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানান সংসদ সদস্য।
এর আগে, গত ১০ মার্চ রাতে ফেসবুক লাইভে এসে নিজের নির্বাচনি এলাকার উন্নয়ন ও প্রশাসনিক বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত তুলে ধরেন হাসনাত আব্দুল্লাহ।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন