এ সম্পর্কিত আরও খবর
কাবুলে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলায় কমপক্ষে ৪০০ জন নিহত
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১০:২৫ এএম
-
ছবি: সংগৃহীত
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে ভয়াবহ বিমান হামলার অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। তালেবান সরকারের দাবি, এ হামলায় অন্তত ৪০০ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছেন। তবে পাকিস্তান এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।
তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরত জানান, সোমবার (১৬ মার্চ) রাত ৯টার দিকে কাবুলের ‘ওমিদ’ নামের প্রায় ২ হাজার শয্যার একটি মাদক নিরাময় কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হামলায় হাসপাতালের বড় অংশ ধ্বংস হয়ে গেছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ উদ্ধার কাজ এখনো চলছে।
অন্যদিকে, পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই অভিযোগকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেছে। তাদের বক্তব্য অনুযায়ী, কাবুল ও নানগারহারে জঙ্গি আস্তানা এবং গোলাবারুদের গুদাম লক্ষ্য করে পরিকল্পিত ও সীমিত হামলা চালানো হয়েছে। পাকিস্তানের দাবি, তাদের এই অভিযানের লক্ষ্য ছিল দেশটিতে হামলা চালানো সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংস করা, কোনো হাসপাতাল বা বেসামরিক স্থাপনায় আঘাত হানা নয়।
সম্প্রতি সীমান্ত ও সন্ত্রাসবাদ ইস্যুতে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। পাকিস্তান অভিযোগ করছে, আফগান তালেবান তাদের দেশে হামলাকারী জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। বিপরীতে তালেবান বলছে, এটি পাকিস্তানের নিজস্ব নিরাপত্তা ব্যর্থতার ফল।
এর আগে চীনসহ মিত্র দেশগুলোর মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও, সর্বশেষ এই হামলার ঘটনায় আবারও দুই দেশের মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে, আফগানিস্তানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত রিচার্ড বেনেট ঘটনাটিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়ে আন্তর্জাতিক আইন অনুযায়ী হাসপাতাল ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন