এ সম্পর্কিত আরও খবর
কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০২:৪৫ পিএম
-
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে এক কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে শুক্কুর মিঝি নামে এক বিএনপি নেতাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্কুর মিঝি উপজেলার রায়পুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং একই এলাকার বিশ্বাসের বাড়ির নুর ইসলামের ছেলে।
পুলিশ সূত্র জানায়, অভিযোগের ভিত্তিতে রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে শুক্কুরকে থানায় নিয়ে আসে পুলিশ। সোমবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি থানা হেফাজতেই ছিলেন।
অভিযোগে বলা হয়, ভুক্তভোগী কিশোরী (১৫) রায়পুর ইউনিয়নের দেবীপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। রোববার সকালে সে ঘর থেকে ময়লা ফেলতে বের হলে বাড়ির গেটের সামনে থাকা শুক্কুর পেছন থেকে তাকে জড়িয়ে ধরে পাশের অটোরিকশা রাখার কক্ষে নিয়ে যায়। সেখানে শ্লীলতাহানির চেষ্টা করলে কিশোরী চিৎকার দেয়। এ সময় তার খালা ও নানী ঘটনাস্থলে এলে শুক্কুর পালিয়ে যায়।
এ ঘটনায় কিশোরীর খালা থানায় শুক্কুরসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ দেন। অপর অভিযুক্ত হচ্ছেন শুক্কুরের মেয়ের জামাই ও উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন রানা। অভিযোগ রয়েছে, তিনি ভুক্তভোগীদের আইনের আশ্রয় না নিতে হুমকি দিয়েছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে বাদীকে ফোন করা হলে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
অভিযোগ অস্বীকার করে জালাল উদ্দিন রানা বলেন, তার শ্বশুরকে মিথ্যা অভিযোগে পুলিশে ধরিয়ে দেওয়া হয়েছে। অভিযোগকারী তার স্ত্রীর বান্ধবী। তিনি কেবল বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার কথা বলেছিলেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, শুক্কুরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে, তাকে আটক করা হয়নি। অভিযোগকারী থানায় মামলা করবেন না বলে জানিয়েছেন। সমঝোতা হচ্ছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে বাদীই ভালো বলতে পারবেন। পুলিশের কাছে এ ধরনের কোনো তথ্য নেই।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন