এ সম্পর্কিত আরও খবর
ঈদের পোশাক কেনা হলো না স্কুলছাত্র ফাহাদের, দেয়াল ধসে মৃত্যু
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৮:০৬ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুর প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্মাণাধীন একটি দোকানের দেয়াল ধসে ফাহাদ হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ঈদের পোশাক কিনতে মায়ের সঙ্গে বাজারে এসে দুর্ঘটনার শিকার হয় সে। ছেলের মৃত্যু দেখে তার মা নাছিমা বেগম অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (৮ মার্চ) দুপুরে রামগঞ্জ উপজেলা শহরের চৌরাস্তা এলাকায় আল মনসুর ড্রাগ হাউসের নির্মাণাধীন দোকানের দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও পাঁচজন আহত হন। আহতদের মধ্যে ইছাপুর ইউনিয়নের বাসিন্দা খোরশেদ আলম গুরুতর আহত হয়েছেন। তার কোমর ভেঙে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
নিহত ফাহাদ রামগঞ্জ পৌরসভার বাঁশঘর গ্রামের সৌদি প্রবাসী আলমগীর হোসেন বকুলের ছেলে এবং স্থানীয় নিচহরা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফাহাদ মায়ের সঙ্গে ঈদের পোশাক কিনতে এবং একটি সেলাই মেশিন মেরামত করতে বাজারে আসে। আল মনসুর ড্রাগ হাউসের সামনে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ নির্মাণাধীন দোকানের পুরনো দেয়াল ভেঙে তার ওপর ধসে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযোগ রয়েছে, পৌরসভার অনুমতি ছাড়াই সরকারি খালের ওপর দোকানটি নির্মাণ করা হচ্ছিল। ড্রাগ হাউসটির মালিক রামগঞ্জ মডেল কলেজের শিক্ষক মনির হোসেন পুরনো দোকান ভেঙে নতুন করে নির্মাণকাজ করছিলেন। তবে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক ফারাশিদ বিন এনাম বলেন, দোকানটি নির্মাণে কোনো অনুমতি নেওয়া হয়নি। পুরনো দেয়াল ভেঙে পড়ে ফাহাদ নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, দেয়াল ধসে ফাহাদ নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। তার মা আহত হয়েছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন