এ সম্পর্কিত আরও খবর
নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে তেলের ট্রাক দোকানে, নিহত ১
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৬ পিএম
-
ছবি: সংগৃহীত
নোয়াখালীর কবিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে তেলের ট্রাক দোকানে ঢুকে সফিকুর রহমান (৬০) নামে এক ব্যবসায়ী নিহত ও তার দুই ছেলে আহত হয়েছেন।শুক্রবার (২০ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কবিরহাট-সোনাপুর সড়কের বানদত্ত ট্রান্সমিটার নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। সফিকুর রহমান কবিরহাটের সুন্দলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি স্থানীয় ব্যবসায়ী ও বিএনপির একজন সমর্থক।
এ ঘটনায় সফিকুর রহমানের দুই ছেলে সাইফুর রহমান (২১) ও সাইদুর রহমান (১৯) গুরুতর আহত হয়েছে। তাদের মুমূর্ষু অবস্থায় ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাপুর থেকে ছেড়ে আসা তেলের ট্রাক বানদত্ত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এসময় সড়কের পাশে মোটরসাইকেলে থাকা বাবা ছেলেদের চাপা দিয়ে পাশের যুবদল নেতা সোহাগের দোকানে ঢুকে পড়ে।
এলাকার লোকজন আহত দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং ঘটনাস্থলে গতিরোধকসহ একটি উড়াল সেতুর নির্মাণের দাবিতে মরদেহ নিয়ে সড়ক অবরোধ করে। এতে একঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মো. ফখরুল ইসলাম বলেন, বিক্ষুব্ধ এলাকাবাসীর দাবি পূরণের আশ্বাসে তারা সড়ক অবরোধ খুলে দেয়। নিহতের আত্মার মাগফেরাত কামনা করছি। অন্যদিকে আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতা করা হবে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ ও দুর্ঘটনার শিকার ট্রাক জব্দ করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন