এ সম্পর্কিত আরও খবর
পে-স্কেলের দাবিতে রাজশাহীতে কৃষি বিপণন অধিদপ্তরের কর্মচারীদের অবস্থান
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৩ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
রাজশাহী প্রতিবেদক: বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন কৃষি বিপণন অধিদপ্তরের কর্মচারীরা। সারা দেশের চলমান কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুই ঘণ্টাব্যাপী নগরীর উপশহর নিউমার্কেট এলাকায় সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যমুক্ত নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। এ লক্ষ্যে সরকার একটি কমিশন গঠন করলেও কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়ার পরও এখন পর্যন্ত গেজেট প্রকাশ না হওয়ায় তারা হতাশ ও ক্ষুব্ধ। তাদের অভিযোগ, গেজেট প্রকাশে বিলম্ব ও বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে।
উপ-পরিচালকের কার্যালয়, কৃষি বিপণন অধিদপ্তর রাজশাহীর হিসাবরক্ষক মো. আরিফুল ইসলাম বলেন, সরকারি কর্মচারীরা আন্দোলন করতে চান না, কিন্তু মৌলিক অধিকার আদায়ের জন্য বাধ্য হয়েই রাজপথে নামতে হচ্ছে। তিনি বলেন, সরকার অবিলম্বে বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়ন করলে কর্মচারীরা সঙ্গে সঙ্গে কাজে ফিরে যাবেন।
এ সময় মাঠ ও বাজার পরিদর্শক হিমাংশু চন্দ্র বর্মণ বলেন, ন্যূনতম বেতন নিশ্চিত না হলে বর্তমান সময়ে পরিবার নিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়বে। আরেক মাঠ ও বাজার পরিদর্শক সুমন্ত কুমার হালদার জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।
এদিকে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ঘোষণায় ১ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা করে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। দাবি আদায় না হলে আগামী ৬ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ‘ভুখা মিছিল’ কর্মসূচি পালন করা হবে বলে সংগঠনটি জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন