এ সম্পর্কিত আরও খবর
জামায়াত নেতা হত্যার প্রতিবাদে কুমারখালীতে বিক্ষোভ মিছিল
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৭:৪১ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: শেরপুরে উপজেলা জামায়াতের সেক্রেটারি হত্যার প্রতিবাদ এবং সারাদেশে নির্বাচনী কাজে নারীদের ওপর নগ্ন হামলা, হেনস্তা ও কটূক্তির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারখালী উপজেলা শাখা।
শুক্রবার (৩০ জানুয়ারি) বাদ আসর কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমারখালী পৌর টার্মিনালে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল-পরবর্তী সমাবেশে উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি হারুনর রশীদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য প্রার্থী আফজাল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সহকারী বায়তুলমাল সম্পাদক আশিকুল ইসলাম চপল, কেন্দ্রীয় কলেজ বিভাগের সহকারী সম্পাদক ইমরান খান, কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইমরান বিশ্বাস এবং কুমারখালী পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট রবিউল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক আব্দুল হাকিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, মানুষ হত্যা করে নির্বাচন বানচাল করা যাবে না। নারী কর্মীদের ওপর হামলা, হেনস্তা কিংবা ভয়ভীতি দেখিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
বক্তারা আরও বলেন, ভোটারদের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। চাঁদাবাজি ও হত্যার রাজনীতির জবাব জনগণ আগামী ১২ তারিখে ভোটের মাধ্যমে দেবে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন